সাভারের আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত বিদেশ সরকার (৫৫) পলাতক রয়েছেন। গত বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
শনিবার সকালে আশুলিয়া থানার এসআই এইচএম ইমন এ তথ্য নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে৷ তিনি তামা-কাঁশার দোকানে কাজ করেন। পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করেন বলেও জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী শিশুর বাবা জানান, বুধবার দুপুর দুইটা-আড়াইটার দিকে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার সময় কৌশলে বিদেশ সরকার স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক শিশুটিকে ধর্ষণ করে।
পরের দিন দুপুরে শিশুর বাবা বিষয়টি জানতে পেরে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। এ বিষয়টি শনিবার (২১ জুন) বসে মীমাংসা করে দেবেন বলে আশ্বাস দেয় স্থানীয় মাতব্বররা। কিন্তু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার কিছু যুবক ওই ধর্ষককে পিটুনি দিলে সে কৌশলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম ইমন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।






