• ই-পেপার

নৌপুলিশের অভিযানে ৩৮০ কেজি জাটকা জব্দ

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সংগৃহীত ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

এর আগে একই দিন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হালুয়াঘাট উপজেলার ঠেঙ্গাবর গ্রামের মৃত আ. গফুরের ছেলে মো. আবুল হাসেম (৬৫), একই গ্রামের জুয়েল ফকিরের ছেলে মো. মাজাহারুল ইসলাম আশিক ফকির (২৪), স্বদেশি গ্রামের মৃত জুমুর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫৬) এবং একই গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে রফিকুল (৩৫)। 

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।’

প্রসঙ্গত, এর আগের দিন সোমবার একই অভিযানে উপজেলার আরো ১১ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশে এক বৃদ্ধকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, মরদেহের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রেল দুর্ঘটনা হতে পারে। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কিভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। মরদেহের পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়, যাতে কয়েকটি জামা-লুঙ্গি, একটি চাদর ও কিছু খুচরা টাকা পাওয়া গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পিবিআই ও সিআইডি টিম ঘটনাটি তদন্ত করছে এবং বিভিন্ন মাধ্যমে ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ভালুকায় যুবদলের বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ভালুকায় যুবদলের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল।

কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেলের নেতৃত্বে ভালুকা সরকারি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, জেলা যুবদল নেতা আতিক উল্লাহ পাঠান, যুবদল নেতা কামরুজ্জামান তুহীন, আজহারুল ইসলাম সাগর, রুহুল আমিন ও রাজুসহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে যুবদল রাজপথে রয়েছে। তারা অপপ্রচার, সহিংসতা ও অরাজকতার বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল বলেন, ‘দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদল প্রস্তুত রয়েছে। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যুবদল কাজ করে যাবে।’

সভা শেষে নেতাকর্মীরা শান্তি, স্থিতিশীলতা ও সংগঠনের কার্যক্রম আরো শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নর্থভিউ হোটেল ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১

রংপুর ব্যুরো প্রধান
নর্থভিউ হোটেল ছাদ থেকে পড়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

রংপুর নগরীর নর্থভিউ আবাসিক হোটেলের ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী নুজসাত জাহান নিহত হওয়ার ঘটনায় একজন মেডিক্যাল শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থীর নাম শাহরিয়ার শাকিন। তিনি রংপুর মেডিক্যাল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী এবং নগরীর ধাপ চিকলি ভাটা এলাকার ফোরকান মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ ক্যাম্পাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে ৫টায় মহানগর ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।

ব্রিফিংয়ে তিনি জানান, ভুক্তভোগীর পরিবারের করা মামলার ভিত্তিতে তথ্য-প্রমাণের আলোকে শাহরিয়ার শাকিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রেমের সম্পর্ক এবং মানসিক নির্যাতনের মাধ্যমে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। মোবাইল ফোনের তথ্য রিসেট করার কারণে অনেক তথ্য উদ্ধার করা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম।

তবে গ্রেপ্তার শাহরিয়ার শাকিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ওই শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন এবং একসময় তাদের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ছিল। পরবর্তীতে ভুল-বোঝাবুঝির কারণে তিনি কোচিং বন্ধ করে দেন। তার দাবি, ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন।

তিনি আরো বলেন, ঘটনার বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে তিনি নিজেই ডিবি অফিসে যান। পরে তাকে আটক করা হয় এবং মামলার ভিত্তিতে গ্রেপ্তার দেখানো হয়।

নিহত শিক্ষার্থীর বাবা নজরুল ইসলাম বলেন, তার মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা থাকলেও কিভাবে সে নর্থভিউ হোটেলের ছাদে গেল, তা নিয়ে তিনি সন্দিহান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে নর্থভিউ হোটেলের  রেস্টুরেন্ট এর রুফটপ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। ফুটেজে দেখা যায়, তিনি বিকেল ৪টা ৫৪ মিনিটে ছাদে ওঠেন এবং দীর্ঘ সময় মোবাইল ব্যবহার করেন। পরে ৫টা ৪২ মিনিটের দিকে রেলিং থেকে নিচে পড়ে যান।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির বলেন, গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

নৌপুলিশের অভিযানে ৩৮০ কেজি জাটকা জব্দ | কালের কণ্ঠ