• ই-পেপার

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত বেড়ে ৩

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ সদরে মাউনজেরা খাতুন (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শহরের ১৪ নম্বর ওয়ার্ডের চাঁন্দলাই মোন্নাটোলা এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী সুমন আলীর স্ত্রী।

শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার ভোররাত থেকে সকাল ৭টার মধ্যে কোনো একসময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে ঘরের ছাদের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন মাউনজেরা। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ আরো জানায়, বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় এক বছর আগে স্বামীকে সৌদি আরবে পাঠিয়েছিলেন মাউনজেরা। ওই ঋণের কিস্তি পরিশোধ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক বলেন, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

মাগুরায় ভারি বর্ষণে ধসে গেল কালভার্ট

মাগুরা প্রতিনিধি
মাগুরায় ভারি বর্ষণে ধসে গেল কালভার্ট
ধসে যাওয়া কালভার্ট দেখে হতভম্ব পথচারী। ছবি : কালের কণ্ঠ

মাগুরার শালিখা উপজেলার শালিখা শতখালী সড়কের গোবরা এলাকার একটি পুরাতন কালভার্ট ধসে পড়েছে। এতে কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয়। সড়কটি কিছুদিন আগে নির্মাণ করা হয়েছিল।

শুক্রবার (১০ জুলাই) ভারি বর্ষণের এক পর্যায়ে কালভার্টটি ধসে পড়ে।

এলাকাবাসী জানান, সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় ভারি বর্ষণ হচ্ছিল। বর্ষণের এক পর্যায়ে হঠাৎ করে গোবরার এই পুরাতন কালভার্টটি ধসে যায়। একই সঙ্গে ধসে যায় কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক। এটি কিছুদিন আগে নির্মাণ করা হয়েছিল।

কালভার্টটি স্থানীয় গোবরা খালের উপর অনেক বছর আগে স্থাপিত হয়েছিল।

নাটোরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে আ. লতিফ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত বুধবার রাতে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সাতপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর মা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আ. লতিফের সঙ্গে তার স্ত্রী জুথি খাতুনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীতে জুথি খাতুন অন্যত্র বিয়ে করেন। এ কারণে তাদের মেয়ে বেশিরভাগ সময় তার নানার বাড়ি গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকায় বসবাস করে এবং মাঝে মাঝে তার বাবার বাড়িতে যাতায়াত করত।  

গত বুধবার বাবার বাড়িতে বেড়াতে গেলে গভীর রাতে ভুক্তভোগীকে ধর্ষণ করেন আ. লতিফ। সকালে নানার বাড়িতে ফিরে বিষয়টি তাদের জানায় ভুক্তভোগী ওই কিশোরী।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। ভিকটিমকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

পুরনো আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় : আবুল খায়ের এমপি

লক্ষ্মীপুর প্রতিনিধি
পুরনো আইনে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় : আবুল খায়ের এমপি
ছবি: কালের কণ্ঠ

পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।

তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিদের নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে। বর্তমান বাস্তবতায় পুরনো আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভুঁইয়া এমপি বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। একই সঙ্গে জুয়ার বিরুদ্ধে কঠোর আইনও করা হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ অনেকে।

বক্তারা বলেন, বামনীতে সম্প্রতি মাদক সেবন, বেচাকেনা, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে প্রশাসনের আরো কঠোর ভূমিকা রাখতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত বেড়ে ৩ | কালের কণ্ঠ