• ই-পেপার

গেজেটে নাম নেই ধামরাইয়ের ৫৯ বীর মুক্তিযোদ্ধার, বিক্ষোভ মিছিল

নান্দাইলে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা

ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
ছবি : কালের কণ্ঠ

‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মফিজুল ইসলাম।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন অধ্যাপক তফিল উদ্দিন মণ্ডল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু তাহের সাগর, মাহবুবুল আলম এবং সাংবাদিক রমেশ কুমার পার্থ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট পাঁচটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছয়টি বিষয়ের ওপর বিতর্কে অংশগ্রহণ করে।

চূড়ান্ত পর্বে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয় দল প্রথম স্থান অর্জন করে এবং নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয় দল দ্বিতীয় স্থান লাভ করে।

বিজয়ী দলের বিতার্কিকরা ছিলেন ইসরাত জাহান ইভা (দলনেতা), মানজানা আক্তার স্মৃতি ও সামিয়া তামাসসুম। রানারআপ দলের সদস্যরা ছিলেন সানজিদা জাহান তৃষা (দলনেতা), আফিয়া তাহসিনা ও ফামিতা জাহান তোহ্হা। এ ছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন সানজিদা জাহান তৃষা।

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম বদলের শুনানি মঙ্গলবার

বগুড়া অফিস
বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম বদলের শুনানি মঙ্গলবার
সংগৃহীত ছবি

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের বিতর্কিত নাম বদলাতে তিনটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধানরা জানিয়েছেন, ইউনিয়নগুলোর নতুন নামকরণে মঙ্গলবার (২৩ জুন) গণশুনানি হবে।

জেলা প্রশাসক তৌফিকুর বলেন, ‘আমি ইউএনওকে নির্দেশ দিয়েছি যাতে সাংবাদিকসহ সব ধরনের অংশীদারদের নিয়ে গণশুনানি করে ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করা হয়।’

গত ১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। সেগুলোর নাম রাখা হয় মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।

‘মীরবাড়ি’ নামটি বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়। এ নিয়ে সমালোচনা শুরু হয় স্থানীয়দের মধ্যে। পরদিন বিষয়টি জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদে তোলেন। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বদলানোর কার্যক্রম শুরু হয়। 

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, মীরবাড়ির নাম বদলাতে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রধান করে কমিটি হয়েছে। সীমান্ত ইউনিয়নের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী এবং দিগন্ত ইউনিয়নের জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রধান করে আরো দুটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিপ্রধানরা জানান, গণশুনানির জন্য সোমবার (২২ জুন) এলাকায় মাইকিং করা হয়েছে। তিন ইউনিয়নের মধ্যবিন্দু এলাকা বেতগাড়ী প্রাথমিক বিদ্যালয়ে মীরবাড়ি ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হবে।

তালা ভেঙে চুরি মেয়ের বিয়ের সঞ্চয়, দুশ্চিন্তায় পিকআপচালক বাবা

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
তালা ভেঙে চুরি মেয়ের বিয়ের সঞ্চয়, দুশ্চিন্তায় পিকআপচালক বাবা
ছবি: কালের কণ্ঠ

দীর্ঘদিন পিকআপ চালিয়ে কষ্ট করে জমানো বড় মেয়ের বিয়ের সঞ্চয় চুরি হয়ে যাওয়ায় দিশাহারা হয়ে পড়েছেন এক পিকআপচালক বাবা। মৌলভীবাজারের কমলগঞ্জে বাসার তালা ভেঙে স্টিলের সিন্দুক থেকে প্রায় ৪ লাখ ৭৫ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।

রবিবার (২১ জুন) উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকার তায়েফ মঞ্জিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন নাজমুল মিয়া (৫০)। তিনি আবুল খায়ের কম্পানির পিকআপচালক এবং স্থানীয় বাসিন্দা। 

নাজমুল মিয়া জানান, রবিবার সকালে তিনি কর্মস্থলে চলে যান। পরে তার স্ত্রী লিমা বেগম মেয়েকে স্কুল থেকে আনতে বাসার দরজায় তালা দিয়ে বাইরে যান। কিছু সময় পর বাসায় ফিরে তিনি দেখতে পান ঘরের দরজার তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায়, স্টিলের সিন্দুকের ড্রয়ার খুলে সেখানে রাখা নগদ ৪ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।

কান্নাজড়িত কণ্ঠে নাজমুল মিয়া বলেন, ‘পিকআপ চালিয়ে অনেক কষ্টে বড় মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলাম। চোরেরা সব নিয়ে গেছে। এখন মেয়ের বিয়ে কিভাবে দেব, বুঝতে পারছি না।’

তিনি দ্রুত চোরদের শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

স্থানীয় বাসিন্দা ইমরান ও জুয়েল আহমদ বলেন, মেয়ের বিয়ের জন্য বহুদিনের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় রয়েছে। ঘটনার পর থেকে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের ছবি ও ভিডিও পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কর্মসূচির প্রতিবাদে সাভারে ছাত্রদলের বিক্ষোভ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধসহ ফ্যাসিবাদের বিচারের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। সোমবার বিকেলে সাভারের পাকিজা মোড়ে শহীদ ইয়ামিন চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এ সময় সাভার থানা ছাত্রদল এবং পৌর ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজিত প্রতিরোধ সমাবেশে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, ‘ছাত্রদল দীর্ঘদিন ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় রয়েছে। আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগের ইতিহাস ছাত্রদলের রয়েছে। সাভার-আশুলিয়ায় কোনো নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে রাজপথে নামতে দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী যাতে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে ছাত্রদল সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে থেকে তা প্রতিহত করবে।’

ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারন সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘সারা দেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা লক্ষ করা যাচ্ছে। এমতাবস্থায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতা বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা সোচ্চার রয়েছে। যে স্বৈরাচার বাংলাদেশের মানুষের রক্ত ঝরিয়েছে, তাদেরকে বাংলার মাটিতে আর মিছিলের সুযোগ দেওয়া হবে না।’

সমাবেশ থেকে বক্তারা বলেন, ‘মঙ্গলবার ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ জন্য ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন।’

সমাবেশ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পাকিজা মোড় থেকে শুরু হয়ে গেন্ডা ইউটার্ন এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের শ্লেগান দেন নেতাকর্মীরা।

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের নাশকতা এবং অপতৎপরতা রুখে দিতে সাভার ও আশুলিয়ায় বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। সোমবার দুপুরে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা জানান।

এসময় তিনি আরো বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন সাভার ও আশুলিয়ায় নাশকতা বা মিছিল করতে না পারে এ জন্য বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে প্রস্তুত রয়েছে তাদেরকে প্রতিহত করতে।’

গেজেটে নাম নেই ধামরাইয়ের ৫৯ বীর মুক্তিযোদ্ধার, বিক্ষোভ মিছিল | কালের কণ্ঠ