• ই-পেপার

৬ জেলায় ৭ অপমৃত্যু

রাবিতে নতুন ভাড়া তালিকা নিয়ে ক্ষোভ, পুনর্বিবেচনার আশ্বাস প্রশাসনের

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাবিতে নতুন ভাড়া তালিকা নিয়ে ক্ষোভ, পুনর্বিবেচনার আশ্বাস প্রশাসনের
ছবি: কালের কণ্ঠ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসন ও রাকসু’র যৌথ উদ্যোগে প্রকাশিত নতুন রিকশা ভাড়ার তালিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধির অভিযোগ তুলে তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। 

তাদের দাবি, নতুন তালিকায় স্বল্প দূরত্বের কয়েকটি রুটে অযৌক্তিকভাবে ভাড়া বাড়ানো হয়েছে, ফলে সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত ব্যয় বেড়ে যাবে। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আপত্তি থাকা রুটগুলোর ভাড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩টি প্রধান প্রবেশদ্বারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে নতুন ভাড়ার তালিকা টানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকরে ক্যাম্পাসজুড়ে মাইকিংও করা হয়। এর আগে গত ৪ জুলাই প্রক্টর দপ্তরে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় করেন রাকসু নেতারা।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রিকশা ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি থাকলেও নতুন তালিকায় উল্টো কিছু রুটে ভাড়া বেড়েছে। বিশেষ করে কাছাকাছি গন্তব্যের ক্ষেত্রে নির্ধারিত ভাড়া বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মনে করছেন।

পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী কৌশিক কুন্ডু কাব্য বলেন, ‘আমি ক্যাম্পাসসংলগ্ন আমজাদের মোড় এলাকায় থাকি। আগে আমজাদের মোড় থেকে তৃতীয় বিজ্ঞান ভবন পর্যন্ত দুজন মিলে রিকশায় ২০ টাকা ভাড়া দিতাম। এখন বিনোদপুর গেট থেকেই ন্যূনতম ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। দূরত্ব বিবেচনায় এটি কোনোভাবেই যৌক্তিক নয়।’

নাট্যকলা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী সাদেক রহমান বলেন, ‘ভাড়া পুনর্নির্ধারণের আগে শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত ছিল। রাকসুর উচিত ছিল বিভিন্ন হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা। কিন্তু আমরা জানতে পারলাম না কখন, কিভাবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত হয়নি।’

এ বিষয়ে রাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মতামত এবং রিকশাচালকদের সঙ্গে আলোচনা করেই ভাড়া পুনর্বিন্যাসের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, শিক্ষার্থীরা যেন পূর্বনির্ধারিত যৌক্তিক ভাড়াই পরিশোধ করেন। কোনোভাবেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি বা কম নেওয়া উচিত নয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৩৬টি পয়েন্টে ভাড়া নির্ধারণ করা সহজ নয়। যেসব রুটের ভাড়া নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ রয়েছে, সেগুলো আমরা পুনর্বিবেচনা করছি। প্রয়োজনীয় সংশোধন করে খুব শিগগিরই নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হবে।’

সিরাজগঞ্জ ডিসি অফিসে রুফটপ সোলার উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ ডিসি অফিসে রুফটপ সোলার উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী
সিরাজগঞ্জের ১৫০ কিলোওয়াট পিক অনগ্রিড রুফটপ সোলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সিরাজগঞ্জের অব্যবহৃত ছাদে স্থাপিত ১৫০ কিলোওয়াট পিক অনগ্রিড রুফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আজ শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘সিরাজগঞ্জকে সোলার বিদ্যুতের একটি মডেল জেলায় পরিণত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ‘সিরাজগঞ্জের এই উদ্যোগ অনুসরণ করে সারা দেশে সৌরবিদ্যুতের বিস্তার ঘটবে এবং সরকারের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

জানা যায়, প্রকল্পটি গত ৫ জুলাই ২০২৬ তারিখে সম্পূর্ণ কমিশনিং করা হয়। কমিশনিংয়ের পর থেকে এ পর্যন্ত সিস্টেমটি ৬ দশমিক ১৩ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করেছে।

প্রকল্পটির বাস্তবায়ন ব্যয় হয়েছে ৭১ লাখ ২৬ হাজার ১৬ টাকা। এর অর্থায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রকল্পটির ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল প্রিস্টিন ক্রসিং পয়েন্ট লিমিটেড এবং নেসকো, সিরাজগঞ্জের কারিগরি সহায়তায় এটি বাস্তবায়িত হয়েছে।

এছাড়া গত ৯ জুলাই ২০২৬ তারিখে রুফটপ সোলার সিস্টেমটি নেট মিটারিং ব্যবস্থার আওতায় আনা হয়, যার ফলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ সৃষ্টি হয়েছে। 

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় মো. সিদ্দিক (৭০) নামের এক দারোয়ানকে হত্যা মামলার এজাহারভুক্ত সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের চার ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য জানান।

নিহত মো. সিদ্দিক মনসুরাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় একটি গাড়ির গ্যারেজে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার একটি গাড়ির গ্যারেজে প্রবেশ করে আসামিরা দারোয়ান মো. সিদ্দিকের ওপর হামলা চালান। তারা তাকে কিল-ঘুষি ও এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গ্যারেজে থাকা রিকশার চাকার লোহার রিং দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হত্যার পর আসামিরা সিদ্দিকের মরদেহ গ্যারেজের ভেতরে থাকা একটি মিনি পিকআপে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের ছেলে মো. আসলাম শুক্রবার ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে আগ্রাবাদসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।

সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মামলার তদন্ত চলমান রয়েছে।

গণ-অভ্যুত্থানে গুলির নির্দেশ, ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনওকে বদলি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
গণ-অভ্যুত্থানে গুলির নির্দেশ, ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনওকে বদলি
ইউএনও রাফে মোহাম্মদ ছড়া। সংগৃহীত ছবি

কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়াকে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে বদলির কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইউএনও রাফে মোহাম্মদ ছড়াকে নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওকে কেন্দ্র করে অভিযোগ ওঠে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার ঘটনায় সম্পৃক্ত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

তবে ইউএনও রাফে মোহাম্মদ ছড়া অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, ওই দিন তিনি দিনের বেলা নয়, রাতে দায়িত্ব পালন করেছিলেন এবং তখন কোনো ধরনের গুলির ঘটনা ঘটেনি।

তিনি আরো দাবি করেন, অবৈধ বালু ব্যবসার সিন্ডিকেটের সঙ্গে জড়িত একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

৬ জেলায় ৭ অপমৃত্যু | কালের কণ্ঠ