গাজীপুরের শ্রীপুরে কালার কো লিমিটেডের শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধের সময় বাধা দিলে পুলিশ-শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
শনিবার (২৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার তেলিহাটি এলাকায় ওই ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি শাহীনূর আলম জানান, ‘শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনের শ্রীপুর-তেলিহাটি সড়কে নিহত লিজা আক্তারের মৃত্যুর বিচারের বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়। সড়ক থেকে সরিয়ে দিতে গেলে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইট-পাথর ছুড়ে মারে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘শ্রীপুরে শ্রমিক মৃত্যুর ঘটনায় আজ শনিবার শ্রমিকরা বিক্ষোভ করছেন। তারা সড়ক অবরোধের পাশাপাশি কারখানায় হামলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি খারাপ হলে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’
তিনি আরো বলেন, ‘শ্রমিক মৃত্যু ঘটনায় তদন্ত চলছে। ওই মৃত্যুর মৃত্যুর ঘটনার জের ধরে বৃহস্পতিবার শ্রমিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই সুযোগে চারটি কারখানায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত।
উল্লেখ্য, গত বুধবার রাতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন শ্রীপুরের তেলিহাটি এলাকার কালার কো লিমিটেডের নারী শ্রমিক লিজা আক্তার। তিন দফায় ছুটি চাইলেও না দিয়ে তাকে দিয়ে জোরপূর্বক কাজ করানো হয়। রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। পরদিন ওই খবর ছড়িয়ে পড়লে কারখানার অন্য শ্রমিকরা বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভ পাশের অন্য কারখানাতেও ছড়িয়ে পড়ে। কতিপয় শ্রমিক আশপাশের ৪টি কারখানায় ভাঙচুর ও লুটপাট চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।







