• ই-পেপার

শাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৫

ড্রেনে রক্তাক্ত কুকুর, ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ড্রেনে রক্তাক্ত কুকুর,  ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
সংগৃহীত ছবি

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় ড্রেনে একটি কুকুরের রক্তাক্ত আহত অবস্থায় পড়ে থাকার বিষয়টি নজরে আসার পর আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সোমবার রাতে এ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলেন জানিয়েছেন বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ।

এ ঘটনায় অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে মামলায় অভিযুক্ত মো. স্বপনকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার স্বপন কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গতকাল সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে ধারালো কোনো কিছুর আঘাতে গুরুতর জখম অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় দুই ব্যক্তি এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলেশ্বরীতলার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে বাদী মো. এমরান হোসেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাদের খবর দিলে উপজেলা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির চিকিৎসা দেয়। 

মো. এমরান হোসেন কালের কণ্ঠকে বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই দা, বটি বা ধারালো কিছু দিয়ে কুকুরটির পিঠে আঘাত করা হয়েছে। এতে ক্ষতটি প্রায় মেরুদণ্ডর কাছ পর্যন্ত চলে গিয়েছে।

বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘কুকুরটির করুণ অবস্থা প্রধানমন্ত্রীর নজরে আসার পর তিনি গত রাত ১০টার দিকে আমাকে ফোন করেন। একই সঙ্গে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আমরা একজনকে রাতেই গ্রেপ্তার করেছি।’

গফরগাঁওয়ে পুকুরে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁওয়ে পুকুরে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে মসজিদের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজের পরের দিন মো. তামিম মিয়া (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের শিলাসী নিশাই সরকার পুকুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩০ জুন) মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. তামিম আট নম্বর ওয়ার্ড শিলাসী মহিলা কলেজ এলাকার কুয়েতপ্রবাসী মো. রনি মিয়ার একমাত্র ছেলে ও গফরগাঁও ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তামিম সোমবার দুপুর ১টার দিকে মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে সহপাঠী অন্য শিশুদের সঙ্গে নিশাই সরকার মসজিদের পুকুরে গোসল করতে নামে। পরে অন্য শিশুরা বাড়ি ফিরে গেলেও তামিম বাড়ি যায়নি। পরে স্বজনরা পুকুর পাড়ে এসে তামিমের জুতো জোড়া পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করেন এবং পুকুরে খোঁজতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ও জাল দিয়ে খুঁজেও সন্ধান না পেয়ে রাত হয়ে যাওয়ায় চলে যায়। মঙ্গলবার (৩০ জুন) সকালে পুকুরঘাটের সামনে তামিমের মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যান।

নিহত তামিমের মা শিল্পী আক্তার সন্তানের জুতো জোড়া বুকে চেপে বিলাপ করে বলেন, ‘বাজান ১০টা টেহা লইয়া যাওয়ার সময় কইছে মা তুমি গোস্ত পোলাও রান্ধ আমি গোসল কইরা আইয়া খাইবাম। আল্লাহ্গো অহন কেডায় গোস্ত পোলাও খাইব? কেডায় আমারে মা ডাকব?’

গফরগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান সেখ বলেন, ‘খবর পেয়ে অফিসার পাঠিয়েছি। বিষয়টি মানবিক বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্যজীবীদের মাঝে আর্থিক সহায়তা
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে দুর্যোগে সাময়িক কর্মহীন অসহায় ১৬ জন মৎস্যজীবীকে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা পরিষদের উদ্যোগে শিমরাইলকান্দি দাসপাড়ার মৎস্যজীবীদের এ সহায়তা দেওয়া হয়। 

এ সময় মো. তাজুল ইসলামের সঞ্চালনায় জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন ও আশরাফুল আলম মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘নদীতে এখন কচুরিপানা। তাই জেলেরা মাছ ধরতে না পেরে কষ্টে দিন কাটাচ্ছেন। তাদের কথা চিন্তা করে জেলা পরিষদের পক্ষ থেকে উপহার দিতে পেরে আমি আনন্দিত।’

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই হত্যা করল স্বামী

গাইবান্ধা প্রতিনিধি
শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, এবার তাকেই হত্যা করল স্বামী
সংগৃহীত ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রী দুলালি বেগমকে (৫৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগে স্বামী বিরাজ মিয়াকে আটক করেছে পুলিশ। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। গতকাল সোমবার বিকেলে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোশাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার (৩০ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার।

নিহত দুলালি বেগম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে।

আটক বিরাজ কাটাবাড়ী ইউনিয়নের সদর কলোনি গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে ১৯ বছর আগে শাশুড়ি হত্যার অভিযোগও রয়েছে। তার স্ত্রী দুলালী বেগমই ওই মামলায় কারাগার থেকে জামিন করিয়েছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে সাংসারিক তুচ্ছ বিষয় নিয়ে দাম্পত্য কলহের জেরে স্ত্রী দুলালির বুকে ছুরিকাঘাত করে রিয়াজ। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপর পাটক্ষেতে আত্মগোপন করে রিয়াজ। সন্ধ্যার পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী বিরাজকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন।’