• ই-পেপার

নোবিপ্রবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম

প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
প্রথমবারের মতো নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপ-উপাচার্য পেল নোবিপ্রবি
অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম। সংগৃহীত ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইতিহাসে প্রথমবারের মতো নিজস্ব শিক্ষককে উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এ পদে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

অধ্যাপক শফিকুল ইসলাম বর্তমানে লাইফ সায়েন্স (জৈববিজ্ঞান) অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’-এর ১২ (১) ধারা অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং ভাইস-চ্যান্সেলরের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

অনলাইন ডেস্ক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকীকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশে এতে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৩(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ইলিয়াস ছিদ্দিকী, প্রফেসর, ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:

(ক) উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন;

(খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন;

(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;

(ঘ) তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন; এবং

(ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

প্রথম নারী উপাচার্য পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রথম নারী উপাচার্য পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাহমিনা আখতার। সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ সই করা এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। 

সোমবার বিকেলেই শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকের কাছে তিনি যোগদানপত্র জমা দেন। এরপর মঙ্গলবার (৯ জুন) সকালে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পৌঁছে নিজের দায়িত্ব নেন। এ সময় প্রতিষ্ঠানের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ূয়া তাকে ফুল দিয়ে বরণ করে নেন।  

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬-এর ১০ (১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রফেসর তাহমিনা আখতারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর উপাচার্য পদে পাঁচটি শর্তে নিয়োগ প্রদান করা হলো।

আরো পড়ুন
ঈশ্বরদীতে দোকান দখলচেষ্টার অভিযোগ বিএনপির নেত্রীর বিরুদ্ধে

ঈশ্বরদীতে দোকান দখলচেষ্টার অভিযোগ বিএনপির নেত্রীর বিরুদ্ধে

 

শর্তগুলো হলো উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন, উপযুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন, তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক তাহমিনা আখতার বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি বাঙালির সাহিত্য, সংস্কৃতি ও মানবিক চেতনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং জনসম্পৃক্ততার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক চর্চার উৎকর্ষের নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করতে চাই।

তাহমিনা বলেন, স্বচ্ছতা, জবাবদিহি এবং অংশীদারিমূলক প্রশাসনের মাধ্যমে আমরা একটি আধুনিক, শিক্ষা-শিল্প দক্ষতাভিত্তিক, অংশীদারি, গবেষণাবান্ধব ও শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।

অধ্যাপক তাহমিনা আখতার বিএনপিপন্থী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ ছিলেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ইউট্যাবের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজধানীর গুলশান অফিস অভিমুখী পদযাত্রা এবং মানববন্ধনে নেতৃত্ব দেওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাস্তিস্বরূপ অধ্যাপক তাহমিনা আখতারকে তিন বছরের অধিক বাধ্যতামূলকভাবে ছুটি দিয়েছিল।

চবির উপ-উপাচার্য হলেন ড. সফিকুল ও আল আমীন

চবি প্রতিনিধি
চবির উপ-উপাচার্য হলেন ড. সফিকুল ও আল আমীন
সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) পদে বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীনকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৪(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

আরো পড়ুন
রিসার্চ ডটকম র‍্যাংকিংয়ে দেশসেরা শেকৃবি

রিসার্চ ডটকম র‍্যাংকিংয়ে দেশসেরা শেকৃবি

 

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ–যেটি আগে ঘটবে, ততদিন তিনি নিজ পদে বহাল থাকবেন। উপর্যুক্ত পদে তারা বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।

এ ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তারা বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।