প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ধোধন করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়কে আমরা বিনোদনকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এখানে প্রচুর দর্শক আসে। যেহেতু খুলনায় তেমন বিনোদনকেন্দ্র নেই। এ বিষয়টি বিবেচনা করে আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।’
রেজাউল করিম বলেন, ‘ভবিষ্যতে এই ক্যাম্পাস সুন্দর ও দৃষ্টিনন্দন হবে। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীদের কথা মাথায় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ছাত্র-ছাত্রীদের সঙ্গে পরামর্শ করে আমরা এই গাছগুলো লাগানোর চেষ্টা করেছি। আশা করি, সরকারের লক্ষ্য আমরা বাস্তবায়ন করতে পারব।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সার্বিক উন্নয়নে প্রচুর গাছ লাগিয়েছেন। দেশনেত্রী খালেদা জিয়াও অনেক গাছ লাগিয়েছেন। বর্তমান সরকার ঘোষণা দিয়েছে যে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে। আমরা তার এ আহ্বানে সাড়া দিয়ে বেশ কিছু গাছ লাগিয়েছি।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী, ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, দ্যা অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, খান বাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্ট অধ্যাপক শরিফ মোহাম্মদ খান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।





