• ই-পেপার

ঈদের ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

রেমিট্যান্স বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বড় উদ্যোগ

শিপিং ও এয়ারলাইনসের এফসি অ্যাকাউন্টে মুনাফার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
শিপিং ও এয়ারলাইনসের এফসি অ্যাকাউন্টে মুনাফার সুযোগ
সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী পরিচালন কার্যক্রম থাকা বাংলাদেশি শিপিং কম্পানি এবং এয়ারলাইনসগুলোর জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব প্রতিষ্ঠান তাদের ফরেন কারেন্সি (এফসি) বা বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের উদ্বৃত্ত অর্থ সংশ্লিষ্ট অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে সুদ বা মুনাফাযোগ্য মেয়াদি আমানত হিসেবে রাখতে পারবে।

রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এসংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। মূলত দেশে রেমিট্যান্সপ্রবাহ বাড়ানো এবং এই দুই খাতের বৈশ্বিক আয়কে ব্যাংকিং চ্যানেলে উৎসাহিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, কোম্পানিগুলোর বৈদেশিক মুদ্রা অ্যাকাউন্টের স্থিতি বা ব্যালেন্সসংশ্লিষ্ট এডি ব্যাংকগুলোতে অনুমোদিত বৈদেশিক মুদ্রায় সুদ/মুনাফা বহনকারী নবায়নযোগ্য বৈদেশিক মুদ্রা মেয়াদি আমানত (এফসি টার্ম ডিপোজিট) হিসেবে রাখা যাবে। সাধারণ ব্যাংকিং নীতিমালা অনুযায়ী এই ধরনের মেয়াদি আমানতের সময়সীমা নির্ধারিত হবে। এ ছাড়া ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এই আমানতের ওপর সুদ বা মুনাফার হার নির্ধারণ করতে পারবে ব্যাংকগুলো।

তবে অর্জিত এই সুদ বা মুনাফা সরাসরি বৈদেশিক মুদ্রায় নেওয়া যাবে না। এটি তৎকালীন স্পট রেট বা চলতি বাজার দর অনুযায়ী স্থানীয় মুদ্রা অর্থাৎ বাংলাদেশি টাকায় পরিশোধ করতে হবে।

এর আগে, ২০২৩ সালের ১০ এপ্রিলে জারিকৃত বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনাকারী স্থানীয় শিপিং অপারেটর এবং এয়ারলাইনসগুলোকে কেবল তাদের আন্তর্জাতিক পরিচালন ব্যয় মেটানোর জন্য সক্রিয় এফসি অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে ওই নীতিমালায় অতিরিক্ত বৈদেশিক মুদ্রা থেকে কোনো ধরনের বিনিয়োগ রিটার্ন বা মুনাফা পাওয়ার সুযোগ ছিল না, যার ফলে ব্যাংকিং ব্যবস্থায় একটি বড় অংকের বৈদেশিক মুদ্রা অলস পড়ে থাকত।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বর্তমানে মেরিটাইম ও অ্যাভিয়েশন খাতের ধারাবাহিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে এই খাত দুটির পরিধি বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের এই সর্বশেষ পদক্ষেপ কোম্পানিগুলোকে অফশোর বা বৈদেশিক আয়ের আরও বেশি অংশ অফিশিয়াল বা বৈধ চ্যানেলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে উৎসাহিত করবে।

বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, পূর্ববর্তী ২০২৩ সালের সার্কুলারে উল্লিখিত অন্যান্য সমস্ত প্রাসঙ্গিক নির্দেশনাবলি এবং পরিচালন প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এই নতুন সুবিধার বিষয়টি অবিলম্বে তাদের সংশ্লিষ্ট সকল গ্রাহকদের অবগতির জন্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

অনলাইন ডেস্ক
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছেন। আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। 

এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর পর থেকে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। 

২০২৪ সালের আগস্ট পরবর্তী সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান নিয়োগ দিয়ে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। পরবর্তীতে বিভিন্ন অভিযোগে  ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলবের পর তিনি গত বছরের ১৭ জুলাই পদত্যাগে বাধ্য হন। এরপর জুবাইদুর রহমানকে চেয়ারম্যান নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে বড় উত্থান

অনলাইন ডেস্ক
ঈদকে সামনে রেখে রেমিট্যান্সে বড় উত্থান

কোরবানির ঈদকে সামনে রেখে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিবার-পরিজনের উৎসব উদযাপনের জন্য তারা ব্যাংকিং চ্যানেলে এই অর্থ পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ২৩ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার। রবিবার (২৪ মে) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য দেখা গেছে।

গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এবারের রেমিট্যান্স প্রবাহ ৪১ দশমিক ৩১ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬০ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার মে মাসে প্রবাসীরা উল্লেখযোগ্য হারে বেশি অর্থ দেশে পাঠিয়েছেন। শুধু মে মাসেই নয়, পুরো চলতি ২০২৫-২৬ অর্থবছরের পরিসংখ্যানেও রেমিট্যান্সপ্রবাহের এই ইতিবাচক ধারা স্পষ্ট।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাস ২৩ দিনে (জুলাই থেকে ২৩ মে পর্যন্ত) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ২৩০ কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার বা ৩২ দশমিক ৩১ বিলিয়ন ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি।

গত অর্থবছরের একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ২ হাজার ৬৬৪ কোটি ৩৪ লাখ ২০ হাজার ডলার বা ২৬ দশমিক ৬৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

অনলাইন ডেস্ক
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
সংগৃহীত ছবি

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হচ্ছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার ও এর প্রয়োজনীয়তা।

লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার রবিবার (২৪ মে, ২০২৬) বিনিময় হার—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৭৫ পয়সা
ইউরো : ১৪২ টাকা ৪১ পয়সা
পাউন্ড : ১৬৪ টাকা ৮১ পয়সা
ভারতীয় রুপি : ১ টাকা ২৮ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৯৪ পয়সা
সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ৮৬ পয়সা
সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৫ পয়সা
কুয়েতি দিনার : ৩৯৫ টাকা ৯২ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার : ৮৭ টাকা ৪৪ পয়সা

*মুদ্রার বিনিময়হার পরিবর্তন হতে পারে।

প্রসঙ্গত, বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন।