• ই-পেপার

সংক্ষিপ্ত

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি
ভূমি সহকারীর বাড়িতে অজ্ঞান পার্টির হানা

কেশবপুরে পরিবারের সদস্যদের অজ্ঞান করে এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। গত সোমবার রাতে উপজেলার দোরমুটিয়া গ্রামে ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, অজ্ঞান পার্টির সদস্যরা সোমবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে। রাতে ওই খাবার ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল কবির টিপু (৪৫) ও তাঁর স্ত্রী সুরাইয়া পারভিন (৪০) খেয়ে শুয়ে পড়েন। ভোরে টিপুর ঘুম ভাঙলে অসুস্থতা বোধ করে দেখেন ঘরের ভেতর আসবাব এলোমেলো, আলমারি ও ড্রেসিন টেবিলের ড্রয়ারের তালা খোলা। তখন তাঁর স্ত্রীকে ডাকাডাকি করলে তাঁকে জ্ঞানহীন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে প্রতিবেশীরা গৃহবধূ সুরাইয়া পারভিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সাইফুল কবির টিপু বলেন, অজ্ঞান পার্টিরা তাঁদের বাড়ি থেকে সাত ভরি সোনা, ২০ হাজার টাকা নিয়ে যায়।

 

বেরোবিতে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর
বেরোবিতে প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি স্থগিত

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদোন্নতিবৈষম্য নিয়ে অসন্তোষের জেরে চলমান কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাসের পর আন্দোলনকারীরা এক সপ্তাহের জন্য কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার কর্মবিরতিতে যান কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের পক্ষে সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন মিঠু বলেন, ‘আমরা রেজিস্ট্রারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। প্রশাসন আমাদের জানিয়েছে, অতি দ্রুত আপগ্রেডেশনের বিষয়টি সুরাহা করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতেই আমাদের ঘোষিত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী রেজিস্ট্রার রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, হাসিবুল আহসান, খালিদা আক্তার, ফজলুল হক, মমিনুল ইসলাম, শাপলা রানী সরকার প্রমুখ।

 

 

 

বিশ্বকাপ উন্মাদনায় জার্সি-পতাকার বিকিকিনি

বিশ্বকাপ উন্মাদনায় জার্সি-পতাকার বিকিকিনি
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় সারা বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। ফুটবলপ্রেমীরা পছন্দের দলের জার্সি ও পতাকা সংগ্রহে ভিড় করছেন দোকানে। বিক্রেতারা ফেরি করে বিভিন্ন দেশের পতাকা ও জার্সি নিয়ে মাঠ-ঘাট-অলি-গলি চষে বেড়াচ্ছেন। গতকাল বগুড়া নগরীর জলেশ্বরীতলা এলাকায়। ছবি : ঠাণ্ডা আজাদ

মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত দুই কৃষক

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত দুই কৃষক

চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চনাবাদ এলাকায় গত (৮ জুন) সোমবার সকালে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে দুই কৃষক অপহৃত হয়েছেন। অপহৃত শ্রমিকরা হলেন চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর গ্রামের মোহাম্মদ শাহজাহান (৪০) এবং পশ্চিম এলাহাবাদ গ্রামের আজগর আলী (৪০)।

জানা যায়, সোমবার কাঞ্চননগর পাহাড়ি এলাকায় কয়েকজন কৃষক সন্ত্রাসীদের কবলে পড়েন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কৃষকদের অপহরণের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক মানুষ পাহাড়ে প্রবেশ করলে সন্ত্রাসীরা পিছু হটে। অপহৃত শাহজাহান ও আজগরকে সঙ্গে নিয়ে তারা গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে অপহৃতদের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে সন্ত্রাসীরা। দুই কৃষকের মুক্তির বিনিময়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অর্থ পরিশোধ না করলে তাঁদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। ঘটনার দিন মুক্তিপণ নিয়ে তাঁদের ছেড়ে দেন বলে স্থানীয়রা জানান।