ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের বিশাখাপত্তম শহরের একটি স্টিল কারখানায় তপ্ত গলিত লোহাভর্তি একটি বিশাল পাত্র উল্টে পড়ে আট শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন। সোমবার বিকেলে ভিজাগ স্টিল প্লান্ট নামের ওই কারখানার স্টিল মেল্টিং শপ (এসএমএস) শাখায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ছয় শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। জানা যায়, গলিত লোহাভর্তি পাত্রটি শব্দ করে মাটিতে আছড়ে পড়ে এবং আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। নিহত ব্যক্তিদের দেহ এতটা দগ্ধ হয়েছে যে চেনার উপায় নেই। তাঁদের পরিচয় শনাক্ত করতে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ কাজ করছে। খবর পেয়ে অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
চ্যাপলিনের বাড়ির সামনে জড়ো হলো ৪২৯ চ্যাপলিন
অন্ধ্র প্রদেশে গলিত লোহা পড়ে আট শ্রমিকের মৃত্যু

মুসলিম সংখ্যাগরিষ্ঠ লাক্ষা দ্বীপে মদ বিক্রির অনুমতি দিচ্ছে ভারত

দীর্ঘ ৪৭ বছর পর ভারতের মুসলিম সংখ্যাগরিষ্ঠ কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে লাইসেন্সপ্রাপ্ত আউটলেটের মাধ্যমে নিয়ন্ত্রিত পদ্ধতিতে মদ বিক্রির অনুমতি দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকার লাক্ষাদ্বীপ মদ্যপান নিষেধাজ্ঞা আইন ১৯৭৯ বাতিল করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯৭৯ সালের এই আইনের কারণে মূলত পুরো দ্বীপপুঞ্জটিই এত দিন মদমুক্ত ছিল, যেখানে শুধু কাভারাত্তি ও বাঙ্গারাম দ্বীপের সরকারি বার ও পর্যটন রিসোর্টগুলোর জন্য সীমিত ছাড় ছিল। গত ৫ জুন প্রকাশিত একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিষেধাজ্ঞা আইনটি বাতিল করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসক কর্তৃক অফিশিয়াল গেজেটে বিজ্ঞাপিত তারিখ থেকে নতুন নিয়মটি কার্যকর হবে। সূত্র : ইন্ডিয়া টুডে
সংক্ষিপ্ত
মাত্র ৯০ সেকেন্ডের ফ্লাইট

কল্পনা করুন এমন এক বিমান যাত্রার, যেখানে জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখার জন্য চোখ মেলতেই পাইলট ঘোষণা করলেন, ‘আমরা গন্তব্যে পৌঁছে গেছি!’ কোনো বিমানের খাবার পরিবেশন তো দূরের কথা, এয়ার হোস্টেজের সুরক্ষাবিষয়ক নির্দেশনা শেষ হওয়ার আগেই রানওয়ে ছুঁয়ে ফেলে চাকা। স্কটল্যান্ডের অর্কনি দ্বীপপুঞ্জের ওয়েস্ট্রে ও পাপা ওয়েস্ট্রে দ্বীপের আকাশেই প্রতিদিন ঘটে এই অলৌকিক কাণ্ড। মাত্র ২.৭৩ কিলোমিটার দূরত্বের এই ফ্লাইটটিই বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ততম বাণিজ্যিক বিমান যাত্রা, যার স্থায়িত্ব মাত্র ৯০ সেকেন্ড। ১৯৬৭ সাল থেকে চলা ১০ আসনের ছোট্ট এই বিমানটি স্থানীয় ডাক্তার, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক পরম ভরসা। ৪৫ পাউন্ড খরচ করলেই পর্যটকরাও উপভোগ করতে পারে এই রোমাঞ্চকর অভিজ্ঞতা। সূত্র : এনডিটিভি
বিপুল পুলিশ নিয়ে মমতার বাড়িতে সিআইডির তল্লাশি

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়েছে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিধায়কদের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে সিআইডির কর্মকর্তারা কালীঘাট থানার পুলিশ ও বিপুলসংখ্যক নারী পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে যান। বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবে তৃণমূলের কয়েকজন বিধায়কের স্বাক্ষর জাল করার অভিযোগের তদন্ত করছে সিআইডি। এ ঘটনার আগেই সংস্থাটি তথ্য চেয়ে নোটিশ জারি করেছিল।
ঘটনাস্থলে উপস্থিত এক সিআইডি কর্মকর্তা জানান, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর জবাবে উল্লেখ করেছিলেন যে বিধায়কদের স্বাক্ষর দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকেই সংগ্রহ করা হয়েছিল। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তের অংশ হিসেবে তল্লাশি চালানো হয়। বর্তমানে সিআইডির তিনটি পৃথক দল তল্লাশি চালাচ্ছে। একটি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, আরেকটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এবং তৃতীয়টি তাঁর বাসভবনে তল্লশি চালাচ্ছে। তবে মমতা বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। সূত্র : এনডিটিভি
