অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানোর পরপরই জলদস্যুদের হামলা ক্যাম্প প্রত্যাহার নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়নের দুর্গম চরবালুয়ায় গত শুক্রবার বিকেলে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের তিন ঘণ্টার মাথায় জলদস্যুরা হামলা করেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। ফলে বাধ্য হয়ে দুর্গম এলাকাটি থেকে পুলিশ ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গতকাল শনিবার বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্প থেকে প্রত্যাহার করা ২০ পুলিশ সদস্য বালুয়াঘাটে এলেও নৌযান না থাকায় তাঁরা কোম্পানীগঞ্জ উপজেলা সদরে আসতে পারেননি। এদিকে পুলিশ ক্যাম্প প্রত্যাহার হওয়ায় চরবালুয়ার সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
চর এলাহী ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা বলেন, 'নদীর ওপারে চরবালুয়াতে দীর্ঘদিন থেকে জলদস্যুদের উপদ্রবের কারণে এলাকার সাধারণ মানুষ ছিল নিরাপত্তাহীন। সেখানে চরবালুয়ার ছয়টি মৌজায় ৩০ থেকে ৩৫ একর জমি রয়েছে। জমিগুলোর মালিকানা নিয়েও বিরোধ রয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় বিভিন্ন দস্যু বাহিনী সেখানে আস্তানা গড়ে তোলে। ফলে জমিগুলো চাষ করলেও উৎপাদিত ফসল ঘরে তুলতে পারে না এর মালিকরা। সেখানকার লোকজন সবসময় নিরাপত্তাহীনতায় থাকে। তাই চরের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি আমরা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে অবহিত করলে তিনি নোয়াখালী পুলিশ প্রশাসনকে চর এলাহী ৬ নম্বর ওয়ার্ডে জনতা বাজারের সাইক্লোন শেল্টারে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ দেন।'
মন্ত্রীর নির্দেশে গত শুক্রবার বিকেলে নোয়াখালী পুলিশ সুপার হারুনুর রশিদ হাজারী ও কোম্পানীগঞ্জ থানার ওসি ইমরান আলী, পিপিএম ২০ জন পুলিশ সদস্য নিয়ে সেখানে বিকেল সাড়ে ৪টায় ক্যাম্প উদ্বোধন করেন। পুলিশ সুপার ও ওসি বামনি নদী পার হয়ে উত্তরপারে পেঁৗছার পর সন্ধ্যা ৭টায় এ অঞ্চলে জলদস্যু ইব্রাহীম মাঝি, মোস্তফা, সামছল হক মাঝির নেতৃত্বে কয়েক শ জলদস্যু ওই পুলিশ ক্যাম্প ঘিরে ফেলে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পে হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল আবদুর রাজ্জাক ও গ্রামপুলিশ আবু তাহের আহত হন। জলদস্যুদের হামলার মুখে তাঁরা ক্যাম্প ছেড়ে দেবেন বলে ঘোষণা দিলে বিক্ষুব্ধ জলদস্যু ও বনদস্যুরা ইটপাটকেল নিক্ষেপ বন্ধ করে।
এ বিষয়ে জানতে চাইলে অবরুদ্ধ থাকা ক্যাম্প ইনচার্জ সুবেদার রফিকুল ইসলাম বলেন, 'বিষয়টি সঙ্গে সঙ্গে আমরা পুলিশ সুপারকে অবহিত করি। তিনি ক্যাম্প প্রত্যাহার করে আমাদের চলে আসার জন্য নির্দেশ দেন। রাতেই আমরা দুর্গম ওই এলাকা থেকে বামনি নদীর কাছে এলেও নদীতে মাঝিমাল্লা না থাকায় সেখানেই রাত পার করি।'


সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com