চার দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল প্রকল্পের পরিচালক ক্যারোলিন স্লোয়েডার। বাংলাদেশে 'উইকিপিডিয়া জিরো' প্রকল্প চালুর সামগ্রিক অবস্থা জানতেই তাঁর এ সফর। বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব জানান, ক্যারোলিন ঢাকায় অবস্থানকালে জিরো প্রকল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করবেন। আজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনেও বক্তব্য দেবেন তিনি। ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াকে (www.wikipedia.org) সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে উইকিপিডিয়া পরিচালনা সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে গত বছর উগান্ডায় চালু হয় বিনা মূল্যে উইকিপিডিয়া ব্যবহারের প্রকল্প উইকিপিডিয়া জিরো। বাংলাদেশে এখন বাংলালিংক গ্রাহকরা এ সুবিধা পাচ্ছেন। গ্রামীণফোনও সুবিধাটি পরীক্ষামূলকভাবে চালুর জন্য কাজ করছে।