একুশে পদকপ্রাপ্ত কবি, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে শেষ বিদায় জানিয়েছেন স্বজন, সহকর্মী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা। কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেস ক্লাবে শ্রদ্ধা নিবেদন এবং চার দফা
জানাজা শেষে গতকাল শনিবার তাঁর লাশ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
গতকাল শনিবার কবির মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে ঢাকা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদীকে গার্ড অব অনার প্রদান করে। পরে মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চতুর্থ জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
গত শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন আল মুজাহিদী।

