‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯। গতকাল শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটার মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশের ৬৫ পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার ৭০০ জন অ্যাথলেট অংশ নেবে ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ ১০টি ইভেন্টে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে সংস্কৃতি আর ক্রীড়ার প্রতি আকৃষ্ট করতে পারলে তারা মাদকের দিকে যাবে না। যদি মাদকের দিকে যায়, সেটা আমাদের ব্যর্থতা। এ দেশ ৬৫ শতাংশ তরুণের দেশ। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠবে। এই আয়োজন যাতে প্রতিবছর হয় সেটা ক্রীড়া মন্ত্রণালয়কে মাথায় রাখতে হবে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ ও পোলার আইসক্রিমের মার্কেটিং ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. জাফরউদ্দীন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘ক্রীড়ার সম্প্রসারণের জন্য এরই মধ্যে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী বছর থেকে শুরু হবে প্রতিটি জেলা শহরে একটি করে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ। যুবকদের কল্যাণে যুব কমপ্লেক্স ও যুব গবেষণা কেন্দ্রও স্থাপন করা হবে।’ এদিকে বঙ্গবন্ধু আন্ত বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের সাত কিলোমিটারব্যাপী ম্যারাথন দৌড়ে গোল্ড মেডেল জয় করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না আক্তার। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ পর্বে বিজয়ী তামান্নাকে গোল্ড মেডেল পরিয়ে দেন আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর প্রদর্শিত হয় পৃষ্ঠপোষক পোলার আইসক্রিম নির্মিত একটি প্রামাণ্য অনুষ্ঠান। পরে মশাল জ্বালিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মশাল আগামী ১৭ দিনে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬৫টি বিশ্ববিদ্যালয় ঘুরে ১৭ এপ্রিল পৌঁছবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে।