‘স্বাধীনতার পর থেকে দেশে নাট্যচর্চায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। একই সঙ্গে সরকারি পৃষ্ঠপোষকতায় পথ নাটক ক্রমাগত বিকশিত হচ্ছে। বিকাশের এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ পথনাটকে বিশ্বে নেতৃত্ব দেবে।’ গত বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ‘বিশ্বজুড়ে নাট্যজন-এক সুর এক প্রাণ’ স্লোগানে পালিত হলো এবারের নাট্য দিবস। ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ পথ নাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরার সভাপতিত্বে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ সেন্টারের সভাপতি ঝুনা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পথনাটকের গান পরিবেশন করে আরণ্যক নাট্যদল।