মুক্তিযুদ্ধে অবদানের জন্য গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব-২০১৯ এর পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। গত বুধবার সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী পরিচালিত ভারতের গোবরায় অবস্থিত মহিলা মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পে থেকে যুদ্ধে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম বুলবুল, পানিসম্পদ মন্ত্রণায়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।