• ই-পেপার

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র

ইরান চুক্তি না মানলে ‘যা দরকার তাই করব’: ট্রাম্প

অনলাইন ডেস্ক
ইরান চুক্তি না মানলে ‘যা দরকার তাই করব’: ট্রাম্প
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা নতুন চুক্তির শর্ত মেনে না চলে, তাহলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, 'ইরান চুক্তি না মানলে বা তারা সঠিকভাবে আচরণ না করলে যা করার দরকার, আমি তাই করব।'

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তবে এই চুক্তির আগে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের ঘটনা ঘটে। তিন মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা হামলা করে। ইরান ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব স্থানেও হামলা চালায়। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার ট্রাম্প আরো বলেন, ইরানের যে জব্দকৃত অর্থ ছেড়ে দেওয়া হয়েছে, তা মূলত খাদ্য কেনার কাজে ব্যবহার করার কথা। তার দাবি, এই অর্থ শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৃষি খাতের জন্যও লাভজনক হবে। তিনি বলেন, 'তাদের খাদ্যের খুব প্রয়োজন। ইরানের জনসংখ্যা প্রায় ৯ কোটি ১০ লাখ। তারা নিজেদের জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ করতে পারছে না। তাই আমরা যে অর্থ ছাড় দিচ্ছি, তার বড় অংশ শেষ পর্যন্ত আমাদের কৃষকদের কাছেই যাবে।'

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযান এবং লেবাননে ইসরায়েলের হামলার ফলে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া লাখো মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এই সংঘাতের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকেনি। ইরানকে ঘিরে যুদ্ধ ও উত্তেজনার কারণে বিশ্ববাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং বিভিন্ন দেশের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া নতুন অন্তর্বর্তী চুক্তি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে অঞ্চলের উত্তেজনা কিছুটা কমতে পারে। তবে চুক্তির শর্ত মানা এবং পারস্পরিক আস্থা বজায় রাখা এখন দুই দেশের জন্যই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ‘রেড হিট অ্যালার্ট’ জারি

অনলাইন ডেস্ক
তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ‘রেড হিট অ্যালার্ট’ জারি
ছবি : রয়টার্স

ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালিসহ পশ্চিম ও মধ্য ইউরোপের দেশগুলোতে তীব্র তাপপ্রবাহের কারণে ‘রেড হিট অ্যালার্ট’ বা সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সাহারা মরুভূমি থেকে ধেয়ে আসা উষ্ণ বায়ুর কারণে তাপমাত্রা ক্রমাগত বাড়ছে এবং অনেক জায়গায় এটি ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে, এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দীর্ঘতম ও তীব্রতম তাপপ্রবাহ হতে যাচ্ছে। তীব্র গরমের কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন মানুষের মৃত্যু হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে শত শত স্কুল।

সোমবার (২২ জুন) ফ্রান্সের বোর্দোতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তীব্র গরমে দক্ষিণ ফ্রান্সে গাড়ির ভেতরে আটকে পড়ে ২ ও ৪ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ছাড়া জিরোন্দ অঞ্চলে বয়স্ক ৩ জন এবং নদী ও হ্রদে সাঁতার কাটতে গিয়ে আরো ১৩ জন ডুবে মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির ৮৪৫টি স্কুল পুরোপুরি বন্ধ এবং ১,৮০০টি স্কুল আংশিক বন্ধ রাখা হয়েছে। এমনকি জাতীয় উৎসব ‘ফেত দে লা মিউজিক’-এ মদ্যপান নিষিদ্ধ করেছে সরকার, যাতে স্বাস্থ্যকর্মীরা জরুরি চিকিৎসায় মনোযোগ দিতে পারেন।

স্পেনের কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। ইতালির মিলান, রোম ও ভেনিসসহ ১২টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। জার্মানিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে এবং গরম থেকে বাঁচতে সাঁতার কাটতে গিয়ে ৫ জন মারা গেছেন। যুক্তরাজ্যেও (ইংল্যান্ড ও ওয়েলস) রেড অ্যালার্ট জারি করা হয়েছে।গ্রিসে তীব্র গরমে দাবানল ছড়িয়ে পড়ায় প্রধান মহাসড়ক বন্ধ করতে হয়েছে। বেলজিয়ামেও রেকর্ড তাপমাত্রার কারণে বেশ কিছু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ঘন ঘন এই ধরণের তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট লক্ষণ। আবহাওয়া সংস্থা মেটিও-ফ্রান্স জানিয়েছে, ১৯৪৭ সালের পর থেকে ফ্রান্সে মোট ৫১টি তাপপ্রবাহ হয়েছে, যার মধ্যে ৩৪টিই ঘটেছে ২০০০ সালের পর। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে, এই সপ্তাহের শেষ দিক পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই।

ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি?

অনলাইন ডেস্ক
ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণার পর দেশটির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। লেবার পার্টির পরবর্তী নেতা এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। এ দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র এবং মেকারফিল্ড আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যান্ডি বার্নহাম।

স্টারমারের বিদায়ের ঘোষণা এবং বার্নহামের উত্থানকে ঘিরে ওয়েস্টমিনস্টারে ক্ষমতার পালাবদলের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। বার্নহাম প্রধানমন্ত্রী হলে তিনি হবেন গত চার বছরে যুক্তরাজ্যের পঞ্চম প্রধানমন্ত্রী।

তবে তার সম্ভাব্য নেতৃত্ব নিয়ে প্রশ্নও কম নয়। মাত্র এক সপ্তাহ আগে যিনি সংসদ সদস্য ছিলেন না, তিনি আগামী মাসেই প্রধানমন্ত্রী হতে পারেন—এ বিষয়টি নিয়ে লেবার পার্টির ভেতরেই রয়েছে উদ্বেগ। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, বার্নহাম অতীতে দু’বার লেবার নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বর্তমানে বার্নহামের জনপ্রিয়তার মূল কারণ হলো তাকে একজন ‘জয়ী নেতা’ হিসেবে দেখা হচ্ছে, যেখানে স্টারমারকে ব্যর্থতার প্রতীক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের উত্তরাঞ্চলে রিফর্ম ইউকের শক্তিশালী অবস্থানের মধ্যেও বার্নহাম নিজের রাজনৈতিক প্রভাব ধরে রাখতে সক্ষম হয়েছেন।

সমালোচকদের মতে, গ্রেটার ম্যানচেস্টারে তার জনপ্রিয়তা থাকলেও জাতীয় পর্যায়ে তার গ্রহণযোগ্যতা এখনও পুরোপুরি পরীক্ষিত নয়। তার রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক পরিকল্পনা এবং জাতীয় নীতিমালা সম্পর্কে এখনও বিস্তারিত ধারণা পাওয়া যায়নি।

স্টারমারের পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বার্নহাম বলেন, জনগণ অর্থনৈতিক প্রবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় কমানো, জনসেবা, আবাসন এবং আগামী প্রজন্মের জন্য নতুন সুযোগ দেখতে চায়। তবে এসব লক্ষ্য তিনি কীভাবে বাস্তবায়ন করবেন, তা নিয়ে এখন ব্যাপক নজরদারি শুরু হয়েছে।

লেবার পার্টির কিছু সদস্য এরই মধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসকে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও তার ঘনিষ্ঠরা বলছেন, এ সম্ভাবনা আপাতত খুবই কম।

এদিকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে বার্নহামের সামনে পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা খাতেও গুরুত্বপূর্ণ প্রশ্ন অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সেই অর্থের উৎস কী হবে—এসব বিষয়ে তাকে শিগগিরই স্পষ্ট অবস্থান জানাতে হতে পারে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহেই পরিষ্কার হবে অ্যান্ডি বার্নহাম লেবার পার্টির নেতৃত্ব দেওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হওয়ার পথে কতটা এগোতে পারেন।

সূত্র : বিবিসি

এলএনজি কারখানায় বিস্ফোরণ

কাতারে ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ১৩ জন নিহত, বাংলাদেশিসহ আহত ৬৬

অনলাইন ডেস্ক
কাতারে ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূত ১৩ জন নিহত, বাংলাদেশিসহ আহত ৬৬
সংগৃহীত ছবি

কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিরা রয়েছেন বলে জানান দেশটির জ্বালানিমন্ত্রী সাদ বিন শ্রেদা আল-কাবি। খবর দ্য হিন্দু

সোমবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে আল-কাবি, যিনি একই সঙ্গে কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতারএনার্জির প্রধান নির্বাহীও, জানান যে রোববার (২১ জুন) সন্ধ্যায় রাস লাফান শিল্পনগরীর বারজান স্থানীয় গ্যাস সরবরাহ কেন্দ্রে পরিচালন কার্যক্রম শুরু করার সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ৬৬ জন আহতও হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে ভারত, কাতার, তানজানিয়া, পাকিস্তান, গিনি, নেপাল, বাংলাদেশ, কেনিয়া ও নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

আল-কাবি জানান, নিহত ১৩ জন ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভূত হলেও, এর মধ্যে ঠিক কতজন কোন দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
এদিকে, দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস বলেছে, ‘রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’ 

নিহত ও আহতদের পরিবারের সহায়তার জন্য দূতাবাস দুটি হেল্পলাইন নম্বর (+974-55647502, +974-55384683) এবং ই-মেইল ([email protected]) চালু করেছে।
 
এর আগে ভারতীয় দূতাবাস ঘটনাটিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ উল্লেখ করে জানায়, এতে বহু মানুষ আহত হয়েছেন এবং কয়েকজন নিখোঁজ রয়েছেন।
 
বিবৃতিতে আরো বলা হয়, ‘এই কঠিন সময়ে কাতার সরকারের পাশাপাশি দেশটির জনগণের প্রতি ভারতীয় দূতাবাস ও কাতারে বসবাসরত ভারতীয় সম্প্রদায় পূর্ণ সংহতি প্রকাশ করছে। আমরা আহতদের দ্রুত সুস্থতা এবং নিখোঁজদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করছি।’
 
কাতারএনার্জি জানিয়েছে, বিস্ফোরণের পরপরই জরুরি পরিষেবার দলগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র | কালের কণ্ঠ