ব্রাজিলের আগামী অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত নতুন জরিপে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত এ জরিপে দেখা গেছে, সম্ভাব্য দ্বিতীয় দফার ভোটে তিনি বিরোধী সিনেটর ফ্লাভিও বোলসোনারোকে পরাজিত করতে পারেন।
জরিপ অনুযায়ী, দ্বিতীয় দফার নির্বাচনে লুলা ৪৮ শতাংশ এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে ফ্লাভিও বোলসোনারো ৪৩ শতাংশ ভোট পেতে পারেন। গত জুনে প্রকাশিত একই সংস্থার জরিপেও লুলা ৪৭ শতাংশ এবং ফ্লাভিও বোলসোনারো ৪৩ শতাংশ সমর্থন পেয়েছিলেন।
প্রথম দফার সম্ভাব্য ভোটের হিসাবেও লুলা এগিয়ে রয়েছেন। সেখানে তিনি ৪০ শতাংশ ভোট পেতে পারেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।
তার পরেই রয়েছেন ফ্লাভিও বোলসোনারো, যার সম্ভাব্য সমর্থন ৩২ শতাংশ। এ ছাড়া রোনালদো কাইয়াদো ৪ শতাংশ এবং রোমেউ জেমা ও রেনান সান্তোস প্রত্যেকে ৩ শতাংশ ভোট পেতে পারেন।
ব্রাজিলের নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থী প্রথম দফায় বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়।
জরিপটি এমন সময়ে প্রকাশিত হলো, যখন ফ্লাভিও বোলসোনারো ও তার সৎমা, সাবেক ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা দিয়েছে। দলীয় বিষয়ে মিশেল বোলসোনারোর ভূমিকার সমালোচনা করায় তিনি জুনে ফ্লাভিওর বিরুদ্ধে ‘অসম্মানজনক আচরণের’ অভিযোগ তুলেছিলেন। পরে চলতি সপ্তাহে ফ্লাভিও প্রকাশ্যে তার কাছে ক্ষমা চান।
এ ছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ব্রাজিলের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এই জরিপ পরিচালিত হয়। ওয়াশিংটন এ সিদ্ধান্তের পেছনে ‘অন্যায্য বাণিজ্যিক অনুশীলনের’ অভিযোগ তুললেও লুলা সরকার তা প্রত্যাখ্যান করেছে।






