• ই-পেপার

ভারত সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

৩ বছরে ইহুদি নিরাপত্তায় ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন

অনলাইন ডেস্ক
৩ বছরে ইহুদি নিরাপত্তায় ২৫০ মিলিয়ন পাউন্ড ব্যয় করবে ব্রিটেন
ছবি: রয়টার্স

সাম্প্রতিক সময়ে একের পর এক ইহুদিবিদ্বেষী হামলার ঘটনার পর ব্রিটেনে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা আরো জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আগামী তিন বছরে ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি, অর্থাৎ প্রায় ৩৩৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে। সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে অতিরিক্ত পুলিশ নিয়োগে। এর আওতায় ইংল্যান্ড ও ওয়েলসে ৫০০ জনের বেশি নতুন পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। তারা ইহুদি অধ্যুষিত এলাকা, ইহুদি স্কুল, উপাসনালয় এবং কমিউনিটি সেন্টারের আশপাশে নিয়মিত টহল দেবেন। এতে এসব এলাকার নিরাপত্তা আরো জোরদার হবে বলে আশা করছে সরকার। গত কয়েক মাসে ব্রিটেনে ইহুদিদের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে একাধিক হামলার ঘটনা ঘটেছে। চলতি বছরের মার্চ মাসে ইহুদি কমিউনিটির ব্যবহৃত চারটি অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর এপ্রিলে উত্তর লন্ডনে এক ইহুদিবিদ্বেষী ছুরিকাঘাতের ঘটনা ঘটে। ওই ঘটনার পর দেশটির জাতীয় সন্ত্রাসবাদ হুমকির মাত্রা ‘উল্লেখযোগ্য’ থেকে বাড়িয়ে ‘গুরুতর’ করা হয়।

সরকার জানিয়েছে, এপ্রিলে ছুরিকাঘাতের ঘটনার পর ২৫ মিলিয়ন পাউন্ডের একটি তহবিল ঘোষণা করা হয়েছিল। নতুন এই অর্থ সেই তহবিলের অতিরিক্ত হিসেবে দেওয়া হচ্ছে। নতুন পরিকল্পনার আওতায় লন্ডনে প্রায় ৩০০ জন এবং গ্রেটার ম্যানচেস্টারে প্রায় ৮০ জন অতিরিক্ত পুলিশ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। গত বছর গ্রেটার ম্যানচেস্টারের একটি ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছিল। এছাড়া যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক ইহুদি বসবাস করেন, সেসব এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আরো ৪৩ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশে ইহুদিবিদ্বেষ বেড়ে যাওয়া ব্রিটেনের মূল্যবোধের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এই ধরনের বিদ্বেষ ও হামলা মোকাবিলা করা তার নেতৃত্বের শুরু থেকেই অন্যতম প্রধান অগ্রাধিকার ছিল।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন তহবিল থেকে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ ৮৬ মিলিয়ন পাউন্ড পাবে। এছাড়া সন্ত্রাসবাদবিরোধী পুলিশি কার্যক্রম পরিচালনার জন্য আরো ৫৯ মিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। সরকার আরো জানিয়েছে, যেসব সময়ে হামলার ঝুঁকি বেশি থাকে, সেসব সময়ে পুলিশি টহল বাড়ানো হবে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়বে। একই সঙ্গে বিদ্বেষমূলক অপরাধ ও ইহুদিবিদ্বেষী হামলা প্রতিরোধেও এটি সহায়ক হবে বলে সরকারের আশা। উল্লেখ্য যে, বর্তমান বিনিময় হার অনুযায়ী ১ মার্কিন ডলারের মূল্য ০.৭৪৬০ পাউন্ড। 

ইয়েমেন ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

অনলাইন ডেস্ক
ইয়েমেন ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

ভারতীয় নাগরিকদের ইয়েমেন ভ্রমণের ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। ২০১৭ সালে জারিকৃত একটি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রত্যাহারের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, সংঘাত-কবলিত ইয়েমেনে ভারতীয় নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ বহাল রাখা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পর শুক্রবার (১০ জুলাই) তারিখে একটি নতুন গ্যাজেট বিজ্ঞপ্তির (নং ৩৭৬০-ই) মাধ্যমে ২০১৭ সালের ৩ অক্টোবরের পূর্ববর্তী ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত গ্যাজেটটি (নং ৩২২৩-ই) আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং সব নাগরিককে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকতে স্পষ্টভাবে বলা হয়েছে। তবে কোনো কারণে যদি এই ভ্রমণ একেবারে অপরিহার্য বা জরুরি হয়, সে ক্ষেত্রে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে নিতে হবে এবং যেসব অঞ্চলে সক্রিয় সংঘাত চলছে, সেগুলো কোনোভাবেই যাওয়া যাবে না। এর পাশাপাশি, বর্তমানে যারা ইয়েমেনে অবস্থান করছেন বা বসবাস করছেন, তাদেরকেও সার্বক্ষণিক সতর্ক থাকার এবং দেশের ভেতরে নিজস্ব চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগ ও প্রয়োজনীয় উন্নত সহায়তা নিশ্চিত করার জন্য একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে ইয়েমেনে অবস্থানরত অথবা সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন—এমন সকল ভারতীয় নাগরিককে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসে দ্রুত নিজেদের নাম নিবন্ধন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০
ছবি : রয়টার্স

ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৪৯০ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ জুন মাত্র ৪০ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুইটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এই বিপর্যয় ঘটে।

হোর্হে রদ্রিগেজ জানান, নতুন করে প্রাণহানির খবর পাওয়া গেলেও সরকারিভাবে আহতের সংখ্যা পূর্বের ১৬৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। তবে ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধারকারী দলগুলো এখন পর্যন্ত সফলভাবে ৬৪৬২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে, যা এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও কিছুটা স্বস্তির আলো দেখাচ্ছে।

গত ২৪ জুন ভেনেজুয়েলার ইয়ারাচুই রাজ্যে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প দুইটির মধ্যবর্তী সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। এত কম সময়ের মধ্যে দুটি বড় ধরনের কম্পন হওয়ায় দেশটির ব্যাপক মানবিক বিপর্যয়ের পাশাপাশি ঘরবাড়ি ও অবকাঠামোর বিশাল বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

অনলাইন ডেস্ক
ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
আগুনে পুড়ে আসবাব, দেয়াল ও ছাদ কালচে হয়ে গেছে। সংগৃহীত ছবি

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ২৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। স্থানীয় সময় রবিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

স্থানীয় স্বেচ্ছাসেবী উদ্ধারকারী সংস্থা রুয়ামকাটানিউ ফাউন্ডেশনের কর্মকর্তা আনওয়ুত ফো-আমপাই জানান, অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ২৭ জনের বেশি হতে পারে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ব্যাংককের চাতুচাক জেলার রং বিয়ার না লাত ফ্রাও নামে একটি বারে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিহত ২৭ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এ ছাড়া ৬০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বারটির ভেতর থেকে ভয়াবহ আগুনের শিখা বেরিয়ে আসছে। এসময় প্রাণে বাঁচতে মানুষ দৌড়ে বেরিয়ে আসছেন, কেউ চিৎকার করছেন, আবার কেউ দৌড়াতে গিয়ে পড়ে যাচ্ছেন। এসময় অন্তত দুজনকে আগুনে জ্বলতে দেখা গেছে।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডের পর্যটনকেন্দ্রিক রাজধানী ব্যাংককে এটি অন্যতম ভয়াবহ বারে অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে।

ভারত সীমান্তে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার | কালের কণ্ঠ