সমালোচনার জবাব কিভাবে দিতে হয় তা ভালো করেই জানা ক্রিস্টিয়ানো রোনালদোর। মুখে নয়, মাঠেই জবাব দেন তিনি। আজ হিউস্টন স্টেডিয়ামে আরেকবার সেই কাজটাই করলেন সিআর সেভেন। উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের প্রথম গোলটি করে।
গোলটি করে একটা রেকর্ডও গড়েছেন রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ৬ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন তিনি। তাতে পেছনে পড়েছে লিওনেল মেসির ৫ বিশ্বকাপে গোল করার রেকর্ড।
২ মিনিটেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল পর্তুগাল। তবে বক্সের মধ্যে থেকে নেওয়া ব্রুনো ফার্নান্দেজের শট প্রতিপক্ষের ডিফেন্ডারের শরীরে লেগে কর্নার হয়। ৪ মিনিটে গোলখরা কাটানোর সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে নুনো মেন্দেসের ক্রসটায় যথাসময়ে পা লাগাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
তবে ষষ্ঠ মিনিটে ঠিকই জালের দেখা পেয়েছেন রোনালদো। জোয়াও কানসেলোর ক্রসটায় বুলেট গতির শট নেন তিনি। শটের পাওয়ারে যেন সমালোচনার জবাবই ছিল। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে টানা ১০ ম্যাচ পর গোল পাওয়া রোনালদোর উদযাপনটাও ছিল দেখার মতো।
নিজের ট্রেডমার্ক উদযাপন ‘সিউ’ করার পর শরীরী ভাষাতে সমালোচনার জবাবের ইঙ্গিত দিয়েছেন রোনালদো। ‘সিআর সেভেনের’ গোলের রেশ শেষ হতে না হতেই আরেকটি গোলে মাতে পর্তুগাল। এবার বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন মেন্ডেস। তার নেওযা ১৭ মিনিটের শটটি ঠেকানোর কোনো উপায়ই ছিল না গোলরক্ষক আব্দুভোহিদ নেমাতভের। তাতে প্রতিবেদন লেখা পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে পর্তুগাল।




