• ই-পেপার

দুর্নীতিতে নিমজ্জিত লঙ্কান ক্রিকেটে মহা বিপর্যয়ের আভাস!

ইবোলা আতঙ্কে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করল কঙ্গো

অনলাইন ডেস্ক
ইবোলা আতঙ্কে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করল কঙ্গো
সংগৃহীত ছবি

দেশের পূর্বাঞ্চলে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প বাতিল করেছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দেশটির রাজধানী কিনশাসায় এই অনুশীলন ক্যাম্পটি হওয়ার কথা ছিল। খবর বিবিসি

ইবোলার সংক্রমণে আফ্রিকান দেশটিতে ইতিমধ্যে ১৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) দেশটির দক্ষিণ কিভু প্রদেশে নতুন করে একজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। এর মাধ্যমে স্পষ্ট, ভাইরাসের মূল উৎপত্তিস্থল (এপিসেন্টার) ছাড়িয়ে সংক্রমণ এখন নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে।

পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এই প্রাদুর্ভাবকে ‘আন্তর্জাতিক উদ্বেগের কারণ হতে পারে এমন জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। তবে সংস্থাটি আশ্বস্ত করে বলেছে, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারি (প্যান্ডেমিক) পর্যায়ে পৌঁছায়নি।

কঙ্গো ফুটবল দলের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, ১৯৭৪ সালের পর এবারই প্রথম কঙ্গো ফুটবল দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে ঘরের মাঠের প্রস্তুতি ক্যাম্পটি এখন বেলজিয়ামে সরিয়ে নেওয়া হবে।

দলের মুখপাত্র জেরি কালেমো জানান, ঘরের মাঠে ক্যাম্প বাতিল হলেও ইউরোপের মাটিতে পূর্বনির্ধারিত প্রীতি ম্যাচগুলো যথাসময়েই অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ মিশন শুরুর আগে ৩ জুন বেলজিয়ামে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনে চিলির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ‘দ্য লেপার্ডস’ (কঙ্গো দল)। এরপর ১৭ জুন যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ যাত্রা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কঙ্গো দল জানিয়েছে, ‘আগামী ২৬ মে কঙ্গোর রাজধানীতে দর্শকদের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশন হওয়ার কথা ছিল। কিন্তু উত্তর কিভু ও ইতুরি প্রদেশে সন্দেহভাজন ইবোলা রোগী শনাক্ত হওয়ায় তা বাতিল করা হয়েছে।’ এই পরিস্থিতির কারণে দলটির ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রে-এর পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনটিও অনিশ্চয়তার মুখে পড়েছে।

কঙ্গো ফুটবল দলের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে জানানো হয়েছে, ক্যাম্প বাতিলের পেছনে অন্যতম বড় কারণ যুক্তরাষ্ট্রের কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা। এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

মার্কিন জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কঙ্গোতে ইবোলা ছড়িয়ে পড়ার কারণে গত ২১ দিনের মধ্যে যারা কঙ্গো, উগান্ডা কিংবা দক্ষিণ সুদানে অবস্থান করেছেন, এমন কোনো অ-মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তবে কঙ্গো জাতীয় দলের সব ফুটবলারই দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক ক্লাবে খেলেন। ফলে ক্যাম্প বাতিল করায় খেলোয়াড়দের ওপর এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না।

এদিকে কঙ্গোর ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে যারা মার্কিন ভিসার জন্য আবেদন করেছিলেন, সেই সব সমর্থক ও সাংবাদিকেরা পড়েছেন চরম বিপাকে। ইবোলা প্রাদুর্ভাবের কারণে কঙ্গোতে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

এই সিদ্ধান্তের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন কঙ্গোর জাতীয় টেলিভিশনের এক ক্রীড়া সাংবাদিক। তিনি প্রশ্ন তোলেন, ‘যেখানে প্রাদুর্ভাবের মূল কেন্দ্রস্থল (ইতুরি প্রদেশ) থেকে রাজধানী কিনশাসা প্রায় ১ হাজার ৮০০ কিলোমিটার দূরে এবং রাজধানীতে এখনো কোনো রোগী পাওয়া যায়নি, সেখানে আমাদের কেন বিশ্বকাপে যেতে বাধা দেওয়া হবে? পুরো দেশের ওপর কেন এই নিষেধাজ্ঞা?’

কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৬০০ জন সন্দেহভাজনের মধ্যে ১৩৯ জনের মৃত্যুর কথা বললেও, কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৫৯ জনে পৌঁছেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইবোলার একটি বিরল প্রজাতি ‘বুন্দিবুগিও’-এর কারণে এবারের প্রাদুর্ভাব ঘটেছে। বর্তমানে এই প্রজাতির কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এর কার্যকর টিকা তৈরি করতে আরও অন্তত নয় মাস সময় লেগে যেতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

অনলাইন ডেস্ক
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এতে অংশ নিতে প্রস্তুতি নেওয়া বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২১ মে) এক বিদায়ী অনুষ্ঠানে হাইকমিশনার সারাহ কুক দলের সঙ্গে দেখা করে আসন্ন বিশ্বমঞ্চে তাদের সাফল্য কামনা করেন।

তিনি বলেন, ক্রিকেট যুক্তরাজ্য এবং বাংলাদেশ, দুই দেশেই খুব জনপ্রিয় একটি খেলা। এটি আমাদের দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

22

সারাহ কুক আরো বলেন, আগামী মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত এবং সর্বোচ্চ পর্যায়ে তাদের প্রতিযোগিতায় সমর্থন দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি।

এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশন বলেছে, আয়োজিত অনুষ্ঠানটি খেলোয়াড়দের কঠোর পরিশ্রমকে স্বীকৃতি দেওয়ার, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী ক্রীড়া সম্পর্ককে তুলে ধরার এবং খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন প্রসারে যৌথ অঙ্গীকারের ওপর জোর দেওয়ার একটি সুযোগ করে দিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য এবং অতিথিদের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ ছিল।

আইসিসি টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ ২০২৬-এ বিশ্বের শীর্ষ দলগুলো মর্যাদাপূর্ণ শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ম্যাচগুলো ইংল্যান্ড ও ওয়েলসের একাধিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

হার্ট অ্যাটাকের পরেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম

ক্রীড়া ডেস্ক
হার্ট অ্যাটাকের পরেই খেলা ছাড়ার সিদ্ধান্ত নেন তামিম
হার্ট অ্যাটাক করার পর তামিমকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

গত বছরের ২৪ মার্চ ছিল তামিম ইকবালের জীবনের সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন মোহামেডানের হয়ে খেলতে নামা তামিম। 

এরপর তামিমকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার হার্টে রিং পরানো হয়। এরপর উন্নত চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। স্বীকৃত ক্রিকেটে সেটিই হয়ে আছে তামিমের ক্যারিয়ারের শেষ ম্যাচ। এক বছরের ব্যবধানে সেই তামিমই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে। গত মাসে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন সাবেক এই ওপেনার। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, কীভাবে হার্ট অ্যাটাক তার জীবনের ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠল। 

ঠিক কখন মাঠের ক্রিকেট ছেড়ে বোর্ড পরিচালায় আসার সিদ্ধান্ত নিয়েছেন তামিম? এমন প্রশ্নে তিনি বলেন, ‘সত্যি বলতে, গত বছরের হার্ট অ্যাটাকটাই ছিল আমার জীবনের সেই টার্নিং পয়েন্ট। তখন আমি জাতীয় দলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম। ঠিক ওই মুহূর্তে যখন আমার হার্ট অ্যাটাক হলো, আমি ভাবলাম—ব্যস, অনেক হয়েছে, আর নয়। হার্ট অ্যাটাকের পর আমার মনে হয়েছে ক্রিকেটে ফেরার জন্য এতটা ঝুঁকি নেওয়া আর ঠিক হবে না। কারণ আমি যদি ফিরতামও, বড়জোর আর এক বা দুই বছর খেলতে পারতাম। আমার পরিবারে সন্তানরা এখনো অনেক ছোট, আর শরীরটাও হয়তো ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না।’

২২ গজ আর চিরচেনা সবুজ মাঠ ছেড়ে বিসিবির শীতাতপ নিয়ন্ত্রিত বোর্ড রুমে মানিয়ে নেওয়াটা যে সহজ নয়, তা অকপটেই স্বীকার করেছেন তামিম, ‘ভীষণ, ভীষণ আলাদা। তবে আমি তো এটাই চেয়েছিলাম। আমি ভেতরের সমস্যাগুলো ঠিক করতে চেয়েছিলাম। গত ১৭-১৮ বছর ধরে যখন আমি আমার সতীর্থদের সঙ্গে খেলতাম, খেলোয়াড় হিসেবে আমরা যেসব জিনিস নিয়ে সবসময় অভিযোগ করতাম, আমি ঠিক সেই সমস্যাগুলোই সমাধান করতে চাই যেন বর্তমান ও ভবিষ্যতের ক্রিকেটারদের মনে আর কোনো ক্ষোভ না থাকে। আমি খুব ভালো করেই জানি, একা আমার পক্ষে সব কিছু বদলে ফেলা সম্ভব নয়। তবে আমি এটুকু নিশ্চিত যে, অন্তত সুযোগ-সুবিধার দিক থেকে বাংলাদেশ ক্রিকেটের মান উন্নত করার জন্য যতটুকু দরকার, তা আমি করতে পারব।’

রামিসাকে নিয়ে সাকিবের আবেগঘন পোস্ট

ক্রীড়া ডেস্ক
রামিসাকে নিয়ে সাকিবের আবেগঘন পোস্ট
রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চান সাকিব। ছবি : কালের কণ্ঠ ও ফেসবুক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারের হত্যার ঘটনা প্রত্যেক মানুষের হৃদয়কে নাড়া দিয়েছে। এমন নৃশংসভাবে হত্যার ঘটনা স্তব্ধ করে দিয়েছে সাকিব আল হাসানকে। ৭ বছরের শিশু রামিসাকে নিয়ে আজ আবেগঘন পোস্ট দিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

রামিসার একটি স্কেচ ছবি দিয়ে সামাজিক মাধ্যমে সাকিব লিখেছেন, ‘একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। ন্যায়বিচার বিলম্বিত মানেই অন্যায়ের সাহস বাড়ানো। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অনেকটা সাকিবের সুরেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি লিখেছেন, ‘রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসেব হয়তো কেউ রাখবে না। কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে...।’

গত মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১১ নম্বরের বি ব্লকের একটি বাড়ির তিনতলার ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগে সকাল সাড়ে ১০টার দিকে বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই সে নিখোঁজ হয়।

রামিসার মা ফ্ল্যাটের দরজার বাইরে মেয়ের জুতো দেখতে পেয়ে পাশের ফ্ল্যাটে নক করেন। ভেতর থেকে দরজা না খোলায় সন্দেহ বাড়ে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে খাটের নিচ থেকে ধড় এবং শৌচাগার থেকে বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। হত্যার আগে শিশু রামিসাকে ধর্ষণ করেন অভিযুক্ত সোহেল রানা। ঘটনার পর শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যায় মূল অভিযুক্ত সোহেল রানা।

পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে পেশায় রিকশা মেকানিক এবং দুই মাস আগে স্ত্রীকে নিয়ে ওই ফ্ল্যাটে ভাড়া ওঠেন। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা আলামত জব্দ করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানার স্ত্রীকে আটক করেছে। 

দুর্নীতিতে নিমজ্জিত লঙ্কান ক্রিকেটে মহা বিপর্যয়ের আভাস! | কালের কণ্ঠ