ফাইনালে জয়সূচক গোল দিয়ে উল্লাসে মেতেছিলেন ফেরান তোরেস, মাঝমাঠের লাগাম হাতে পথ দেখিয়েছেন রদ্রি। তবে স্পেনের বিশ্বজয়ের অন্যতম কারিগরদের একজন ফাবিয়ান রুইজ। আর্জেন্টিনার বিরুদ্ধে সেই মহারণে স্প্যানিশদের খেলায় ভারসাম্যের রসদ জুগিয়েছিলেন এই মিডফিল্ডার।
সেমিফাইনালের পর হাইভোল্টেজ ফাইনালেও পেদ্রির বদলে ফাবিয়ানকে শুরুর একাদশে নামিয়ে বড় এক বাজি ধরেছিলেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। গুরুকে হতাশ করেননি ৩০ বছর বয়সী এই তারকা। মাঠে নেমে রদ্রির সঙ্গে নিখুঁত এক জুটি গড়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের দখলে নেন। ফলে আলবিসেলেস্তেদের ধারাল আক্রমণভাগ স্প্যানিশ দুর্গের সামনে এসে বারবার খেই হারিয়ে ফেলে।
ফাবিয়ানের এমন নিখুঁত ও শানিত পজিশনিংয়ের কারণে বলের খোঁজে বারবার নিচে নেমে আসতে বাধ্য হন বিশ্বসেরা তারকা লিওনেল মেসি। শুধু তা-ই নয়, আর্জেন্টিনার স্বাভাবিক পাসিং লেনগুলো ব্লক করে দিয়ে স্পেনের রক্ষণ ও আক্রমণের মধ্যে এক অসাধারণ সাঁকো তৈরি করে দেন তিনি।
মাঠে নেমেই শুধু পারফরম্যান্সেই উজ্জ্বল ছিলেন না, নামের পাশে যোগ করেছেন অবিশ্বাস্য এক অনন্য নজিরও। লা রোখাদের জার্সিতে টানা ৫০ ম্যাচে অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন তিনি। এই ৫০ ম্যাচে স্পেন জয় তুলে নিয়েছে ৩৫টিতে, আর সমতায় শেষ হয়েছে ১৫টি ম্যাচ। স্পেনের ফুটবলের দীর্ঘ ইতিহাসে কোনো ফুটবলারের ঝুলিতে এমন চমকপ্রদ রেকর্ড আর নেই।
বিশ্বকাপ জয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরে নিজের ক্যারিয়ারের সবচেয়ে জমকালো ও সফল মৌসুমের ইতি টানলেন ফাবিয়ান। ২০২২ সালে নাপোলি ছেড়ে প্যারিস সেইন্ট-জার্মেইয়ে (পিএসজি) নাম লেখানোর পর শুরুতে কিছুটা খাবি খেয়েছেন, একাদশে জায়গা পাওয়াটাই ছিল বড় চ্যালেঞ্জ। তবে পিএসজি কোচ লুইস এনরিকের অধীনে বদলে গিয়ে নিজেকে নিয়ে গেছেন বিশ্বসেরা মিডফিল্ডারদের কাতারে।
২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে তিনি যেন জেতার এক নেশায় মেতেছিলেন। লিগ আঁ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ কিংবা ফিফা বিশ্বকাপ যে প্রতিযোগিতাতেই তিনি পা রেখেছেন, সেখানেই ঘরে তুলেছেন শিরোপা!
ধারাবাহিক সাফল্য আর দলের প্রতিটি শিরোপাজয়ে অসামান্য ভূমিকা রাখার কারণে সমর্থক ও ফুটবল বোদ্ধারা ফাবিয়ান রুইজকে এখন স্পেনের ‘লাকি চার্ম’ বলেই ডাকছেন। মাঠে তার এমন রাজকীয় বিচরণের পর ২০২৬ সালের ব্যালন ডি’অরের দৌড়েও খুব ভালোভাবেই উঠছে এসেছে স্প্যানিশ এই তারকার নাম।




