বিশ্বকাপে রাউন্ড অব ৩২ থেকে বেলজিয়ামের কাছে শোচনীয়ভাবে হেরে যায় সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে ৩ গোল হজম করে বিদায় নেয় দলটি। এমন শোচনীয় হারের জেরে সেনেগালের কোচ পাপে থিয়াওকেসহ পুরো কোচিং স্টাফদের বরখাস্ত করেছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)। রবিবার (১২ জুলাই) এই ঘোষণা দেয় ফেডারেশন।
ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, এফএসএফ কার্যনির্বাহী কমিটির এক বৈঠকের পর জাতীয় দলের কোচ পাপে থিয়াওসহ পুরো কোচিং স্টাফকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এফএসএফ সভাপতি আবদুলায়ে ফল ‘এই সিদ্ধান্তের পেছনের কারণ’ ব্যাখ্যা করতে এবং ‘সেনেগাল ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে’ আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
৪৫ বছর বয়সী সেনেগালের সাবেক এই ফুটবলার ২০২৪ সালে জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন।




