সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড: ২৫৭/৩ (বাটলার ১৩১, ব্রুক ৯৫*; দুবে ২/২২)।
ভারত: ২০১/৮ (কিষান ৫৬, তিলক ৫৩; কারান ৩/৩৬)।
ফল: ইংল্যান্ড ৫৬ রানে জয়ী।
==============
ফিফা বিশ্বকাপের এই সময়ে কেউ কেউ শিরোনাম দেখার পর এটিকে ভুলে ফুটবল ম্যাচের স্কোরলাইন ভাবতেই পারেন। তবে ছবিতে ইংল্যান্ড ক্রিকেট দলের উদযাপন দেখার পর সহজেই ভুল ভাঙার কথা।
মাত্র কদিন আগে আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর এবার ইংল্যান্ডের কাছে ৪-০ ব্যবধানে সিরিজ হেরেছে টি-টোয়েন্টির টানা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত।
ভাগ্যিস, বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছিল। নয়তো ৫-০ ব্যবধানে ধবলধোলাই হতে পারত ভারত।
দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। সাউদাম্পটনে শনিবার শেষ ম্যাচটা ছিল নিছক আনুষ্ঠানিকতার। কিন্তু এই ম্যাচকে ইংল্যান্ড বোধ হয় বদলা হিসেবে নিয়েছিল।
গত মার্চে মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের দেওয়া ২৫৪ রানের লক্ষ্যে ২৪৬ রানে আটকে গিয়েছিল ইংল্যান্ড। ৭ রানের হারে আসর থেকে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের।
সেই ইংল্যান্ড আজ আগে ব্যাট করে ৩ উইকেটে তোলে ২৫৭ রান! জস বাটলার করেন ১৩১, অধিনায়ক হ্যারি ব্রুক অপরাজিত থাকেন ৯৫ রানে। দুজন মিলে গড়েন ২৩৩ রানের মহাকাব্যিক জুটি, যা আইসিসি পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।
এভারেস্টসম লক্ষ্য তাড়া করতে নেমে এক মুহূর্তের জন্য জয়ের মতো পরিস্থিতি তৈরি করতে পারেনি ভারত। ঈশান কিষান ও তিলক ভার্মার ফিফটিতে ৮ উইকেটে তুলতে পেরেছে ২০১ রান। স্যাম কারান নিয়েছেন ৩ উইকেট।