সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ৫১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, এডিস মশাবাহিত এই রোগে চলতি বছর ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে এ পর্যন্ত ২৯ জন মারা গেছে।
বুলেটিনে আরো বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে খুলনা বিভাগে মারা গেছে দুজন। আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে একজনের।
একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৮৫ জন। দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৭৬ জন। ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনের বাইরে বিভিন্ন হাসপাতালে আরো ৪০ জন ভর্তি হয়েছে।
এ ছাড়া বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রামে ৭৫ জন, খুলনায় ৮৪ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ৩৪, রংপুরে ২৮ জন এবং সিলেটে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ৫৩২ জন হাসপাতাল ছেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৪ হাজার ১৫৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১৩ হাজার ৯ জন।





