• ই-পেপার

পণ্যের প্রচারে ‘শপিং মোড’ আনছে ফেসবুক

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ আসছে

অনলাইন ডেস্ক
শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ আসছে
সূর্যগ্রাহণ। ছবি : রয়টার্স

একবিংশ শতাব্দীর অন্যতম দীর্ঘ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে সৌদি আরব। দীর্ঘ ৭৫ বছরেরও বেশি সময় পর দেশটির বিস্তীর্ণ আকাশে এমন বিরল ও ঐতিহাসিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে। এই মহাজাগতিক দৃশ্য প্রত্যক্ষ করবেন সেখানকার লাখো স্থানীয় বাসিন্দা।

গালফ নিউজ ও সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) পৃথক প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ২ আগস্ট সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকা প্রায় ছয় মিনিটের জন্য সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাবে।

সৌদি আরবের মহাকাশ সংস্থা জানিয়েছে, আভা শহরসহ কয়েকটি এলাকায় পূর্ণগ্রাসের স্থায়িত্ব হতে পারে প্রায় ছয় মিনিট। অন্যদিকে জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু অঞ্চলে এই অন্ধকার স্থায়ী হবে প্রায় ৫ মিনিট ৫০ সেকেন্ড। একই সময়ে প্রতিবেশী দেশ মিসরে সূর্যগ্রহণের সর্বোচ্চ স্থায়িত্ব দেখা যাবে।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা জানান, এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ লোহিত সাগরের উপকূল থেকে শুরু হয়ে মক্কা, জেদ্দা, তায়েফ, আল-বাহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানসহ বেশ কয়েকটি শহর অতিক্রম করবে।
 
এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিজ্ঞানী ও জ্যোতির্বিদদের জন্য সূর্যের ‌‘করোনা’ নিয়ে গবেষণার এক অনন্য সুযোগ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও নথিভুক্ত করার ক্ষেত্রে ওই সময় সৌদি আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হবে।
 
পূর্ণগ্রাসের পাশাপাশি সৌদি আরবের অন্যান্য অংশের বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন। স্থানভেদে এ সময় সূর্যের প্রায় ৮০ শতাংশ পর্যন্ত ঢাকা পড়তে পারে। জানা গেছে, পূর্ণগ্রাস চলাকালে দিনের আলো সাময়িকভাবে গোধূলির রূপ নেবে এবং তাপমাত্রাও উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে।
 
এদিকে এই বিরল মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণের সময় জনসাধারণকে বিশেষ সতর্ক থাকতে বলেছে সৌদি মহাকাশ সংস্থা। খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকাতে কঠোরভাবে নিষেধ করে সংস্থাটি জানিয়েছে, পর্যবেক্ষণের জন্য অবশ্যই অনুমোদিত চশমা বা বিশেষ ফিল্টারযুক্ত যন্ত্র ব্যবহার করতে হবে।

১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ

অনলাইন ডেস্ক
১৩ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার কথা ভাবছে ইইউ
সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে শিশুদের মানসিক ও আবেগগত বিকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বন্ধ রাখার কথা ভাবছে। 

ইইউর একটি বিশেষ উপদেষ্টা প্যানেল সুপারিশ করেছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে প্রমাণ করতে না পারা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল রাখা উচিত। এই প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণের আহ্বান জানিয়েছেন। 

পেশায় চিকিৎসক উরসুলা মনে করেন, শিশুদের বয়স ও পরিপক্বতা বিবেচনা করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দেওয়া উচিত এবং ৩ বছরের কম বয়সী শিশুদের কোনোভাবেই স্ক্রিনের সামনে আনা ঠিক নয়। গাড়ি চালানো বা অ্যালকোহল সেবনের মতো পরিপক্বতার প্রয়োজন হয় এমন বিষয়ের উদাহরণ টেনে তিনি বলেন, ‘শৈশব একবার চলে গেলে আর ফেরে না, তাই শিশুদের সুরক্ষায় সমাজকে এখনই বয়সসীমা নির্ধারণ করতে হবে।’ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘অন্তহীন স্ক্রলিং’-এর মতো আসক্তিকর নকশাগুলো নিয়ে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর দ্রুত কাজ করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। 

যদিও তিনি নিজে নির্দিষ্ট কোনো বয়সসীমার প্রস্তাব করেননি, তবে ধারণা করা হচ্ছে ইউরোপীয় কমিশন ইইউর ২৭টি সদস্য দেশের জন্য এ বিষয়ে কিছু সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরি করবে। অন্যদিকে অনলাইনে শিশুদের সুরক্ষায় গঠিত বিশেষ প্যানেলটি তাদের প্রতিবেদনে স্পষ্ট জানিয়েছে, প্ল্যাটফর্ম নিরাপদ কি না তা প্রমাণ করার দায়িত্ব কোনো অভিভাবক বা নিয়ামক সংস্থার নয়, বরং খোদ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর। যতক্ষণ তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, ততক্ষণ ১৩ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম সীমিত রাখার পাশাপাশি ১৩ বছরের বেশি বয়সীদের জন্যও অতিরিক্ত কিছু সতর্কতামূলক বয়সসীমা নির্ধারণের অনুরোধ জানিয়েছে প্যানেলটি। 

এর আগে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, তুরস্ক ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোও কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নানা কঠোর পদক্ষেপ ও বিধিনিষেধ চালু করেছে।

ধোঁয়া বুঝতে পারে না জুক্সের গাড়ি, ফিরছে ১০৫টি গাড়ি

অনলাইন ডেস্ক
ধোঁয়া বুঝতে পারে না জুক্সের গাড়ি, ফিরছে ১০৫টি গাড়ি
ছবিঃ রয়টার্স

ধোঁয়া ঠিকভাবে শনাক্ত করতে না পারায় ১০৫টি চালকবিহীন গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুক্স। শুক্রবার (১৭ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জুক্স হলো অ্যামাজনের স্বচালিত গাড়ি ইউনিট।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের কিছু স্বচালিত গাড়ি অতিরিক্ত ধোঁয়া শনাক্ত করতে নাও পারে।

এতে জরুরি পরিস্থিতিতে সমস্যা তৈরি হতে পারে। এমনকি জরুরি সেবার কর্মীদের কাজেও বাধা সৃষ্টি হতে পারে।

জুক্সের গাড়িগুলো চালক ছাড়াই চলাচল করে। এগুলোকে রোবোট্যাক্সি বলা হয়।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শীর্ষ গাড়ি নিরাপত্তা কর্মকর্তা স্বচালিত গাড়ি নিয়ে সতর্ক করেছিলেন।

তিনি বলেন, চালকবিহীন গাড়ি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার কর্মীদের কাজে বাধা দেওয়ার একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে।

ভুয়া ভিডিও বানিয়ে শাস্তি, চীনা ব্লগারের ২০ মাসের জেল

অনলাইন ডেস্ক
ভুয়া ভিডিও বানিয়ে শাস্তি, চীনা ব্লগারের ২০ মাসের জেল
ছবিঃ রয়টার্স

চীনে শাওমির বৈদ্যুতিক গাড়ি নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে এক ব্লগারকে ২০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


শুক্রবার (১৭ জুলাই) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই ব্লগারের নাম গাও। তিনি শাওমির জনপ্রিয় এসইউ৭ ইলেকট্রিক সেডান গাড়ির নিরাপত্তা নিয়ে মিথ্যা দাবি করেছিলেন।

বেইজিংয়ের হাইদিয়ান জেলা আদালত তাকে পণ্যের সুনাম নষ্ট করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

এ ছাড়া তাকে ১ লাখ ইউয়ান জরিমানাও করা হয়েছে।

ঘটনাটি ২০২৪ সালের আগস্টের। গাও ও তার দল একটি দুর্ঘটনা পরীক্ষার ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর শাওমির এসইউ৭ গাড়ির দরজা খুলছে না।

গাড়িটির জরুরি কল সিস্টেমও কাজ করছে না বলে দেখানো হয়। এমনকি গাড়ির কেন্দ্রীয় স্ক্রিনও জ্বলছিল না।

ভিডিওটি গাওয়ের ভিডিও শেয়ারিং অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ওই অ্যাকাউন্টের প্রায় ১০ লাখ অনুসারী ছিল।

ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। প্রায় ৩০ লাখ মানুষ এটি দেখেন।

তবে আদালত জানায়, ভিডিওটি সাজানো ছিল।

আদালতের মতে, ভিডিও ধারণের আগে গাও ও তার দল গাড়ির সহায়ক ব্যাটারিতে গোপনে কারসাজি করেন।

এ ছাড়া ফর্কলিফটে ক্ষতিগ্রস্ত একটি ব্যাটারির ভিডিও ব্যবহার করে দর্শকদের বিভ্রান্ত করা হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে শাওমি জানিয়েছিল, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার চালানো এক ব্লগার ও তার সহযোগীদের আইন অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য চীনে গাড়ি শিল্পে ভুয়া বিজ্ঞাপন ও অনলাইনে মিথ্যা তথ্য ছড়ানো ঠেকাতে সম্প্রতি কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

পণ্যের প্রচারে ‘শপিং মোড’ আনছে ফেসবুক | কালের কণ্ঠ