নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টা ১০ মিনিটের দিকে তিনি গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন। এ সময় কারা ফটকে তাঁর স্বজনরা উপস্থিত ছিলেন।
ওই কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করেন। জেল সুপার জানান, সেলিনা হায়াত আইভীর জামিনসংক্রান্ত কাগজপত্র বুধবার কারাগারে এসে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে রাত ১০টার পর তাঁকে মুক্তি দেওয়া হয়।
এর আগে হত্যা মামলায় সেলিনা হায়াত আইভীর জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গত ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের এই আদেশের ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলার সব কটিতেই জামিন বহাল থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় হওয়া দুটি হত্যা মামলায় গত ২ মার্চ ও ১২ এপ্রিল আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এরপর গত ৩০ এপ্রিল হাইকোর্ট এক রুলে তাঁকে অন্তর্বর্তী জামিন দেন। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিতের আবেদন করলে চেম্বার আদালত তা খারিজ করে দেন।
গত বছরের ৯ মে নারায়ণগঞ্জের দেওভোগের বাসভবন থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট এই পাঁচ মামলায় তাঁর জামিন মঞ্জুর করলেও চেম্বার আদালত তা স্থগিত করেছিলেন। পরে গত ১০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে দিলে এই পাঁচ মামলায় তাঁর জামিন চূড়ান্তভাবে বহাল হয়।




তাঁর সঙ্গে সেই রেকর্ডের অংশ হতে যাচ্ছেন