• ই-পেপার

অভিমান করে গিটার বিক্রি করে দিচ্ছেন আইয়ুব বাচ্চু

কী হয়েছে সোনু নিগমের?

বিনোদন ডেস্ক
কী হয়েছে সোনু নিগমের?
সংগৃহীত ছবি

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগমের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে নিজের স্বাস্থ্যগত সমস্যার কথা জানিয়েছেন এই খ্যাতিমান গায়ক।

ভিডিওতে সোনু নিগমকে গলার পাশে একটি বিশেষ মেডিকেল প্যাচ পরিহিত অবস্থায় দেখা যায়। সেটি নজরে আসতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।

নিজের বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে সোনু বলেন, ‘আমার গলার পাশের একটি নার্ভে চাপ পড়েছে। গত এক সপ্তাহ ধরে এ সমস্যায় ভুগছি। এরই মধ্যে এমআরআই ও সিটি স্ক্যান করিয়েছি। নিয়মিত ওষুধ খাচ্ছি, ফিজিওথেরাপিও চলছে। বিষয়টি খুবই কষ্টদায়ক।’

গায়ক জানান, সমস্যাটি স্নায়ুজনিত হওয়ায় তাঁকে নিয়মিত চিকিৎসার মধ্যে থাকতে হচ্ছে। ব্যথা নিয়ন্ত্রণে পেইনকিলারও সেবন করতে হচ্ছে, যা তাঁর দৈনন্দিন জীবন ও পেশাগত কর্মকাণ্ডে প্রভাব ফেলছে।

বিশেষ করে কণ্ঠের ওপর এর প্রভাব নিয়ে কিছুটা চিন্তিত সোনু। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে শারীরিক অবস্থার কারণে সেই প্রত্যাবর্তন নিয়ে কিছুটা দুশ্চিন্তাও কাজ করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায় এক মাসের বেশি সময় পর আবার শো করতে যাচ্ছি। এর মধ্যে গলাও কিছুটা বসে গেছে। ঘাড়ের নার্ভকে স্বাভাবিক রাখতে যে ওষুধ খাচ্ছি, সেটারও প্রভাব পড়ছে কণ্ঠে। আমি বেশ নার্ভাস। আশা করছি, ঈশ্বর আমাকে মঞ্চে পারফর্ম করার শক্তি দেবেন।’

অসুস্থতার মধ্যেও পেশাগত দায়িত্ব পালনের চেষ্টা করায় ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন এই শিল্পী। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন অসংখ্য অনুরাগী। অনেকেই তাঁকে কিছুদিন বিশ্রাম নেওয়ার পরামর্শও দিয়েছেন।

‘কল্কি’র সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া?

বিনোদন ডেস্ক
‘কল্কি’র সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া?
সংগৃহীত ছবি

বহুল আলোচিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছে, ছবির দ্বিতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী আলিয়া ভাটকে।

প্রথম ছবিতে অন্যতম প্রধান চরিত্র সুমতির ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ৮ ঘণ্টা শুটিং করার দাবির প্রেক্ষিতে সিক্যুয়ালটি থেকে বাদ পড়েন অভিনেত্রী। প্রযোজনা সংস্থা এক বিজ্ঞপ্তিতে দীপিয়াক্র না থাকার বিষয়টি জানিয়েছিলেন। 

এর মধ্যেই আলিয়া ভাটকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, হায়দরাবাদে চলমান শুটিংয়ের কিছু অংশে তিনি ইতিমধ্যেই অংশ নিয়েছেন। তবে তাঁর চরিত্রটি দীপিকার সুমতি চরিত্রের ধারাবাহিকতা নয়। বরং গল্পে নতুন ও গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রের দাবি, সিক্যুয়ালের কাহিনিতে এই নতুন চরিত্রটির বিশেষ গুরুত্ব থাকবে। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি আলিয়া কিংবা নির্মাতারা।

আলিয়ার নাম সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, বড় বাজেটের এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর যুক্ত হওয়া ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে। আবার কেউ তুলনা টানছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।

অন্যদিকে, ছবিতে সাই পল্লবীর যুক্ত হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুমতি চরিত্রে তাঁকে দেখা যেতে পারে। তবে এ তথ্যও এখনো নিশ্চিত নয়।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। 

জানা গেছে, সিক্যুয়ালেও প্রভাস, অমিতাভ ও কমল হাসান গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন এবং তাঁদের একাধিক শুটিং সূচিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন স্পাই-অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’ নিয়ে। সম্প্রতি প্রকাশিত ছবিটির প্রথম ঝলক নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বলিউডের অনেকেই আলিয়ার অ্যাকশন অবতারের প্রশংসা করেছেন।

‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা

বিনোদন ডেস্ক
‘১৬ বছর ধরে আমাকে বুলিং করা হচ্ছে’, ক্ষোভ ঝাড়লেন প্রভা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায় ১৬ বছর ধরে চলা এই মানসিক হয়রানি নিয়ে এতদিন প্রকাশ্যে খুব একটা কথা না বললেও সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে নিজের অভিজ্ঞতা ও ক্ষোভের কথা তুলে ধরেছেন তিনি।

লাইভে প্রভা জানান, সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে তিনি দীর্ঘ সময় নীরব ছিলেন। তবে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এখন আর চুপ থাকা সম্ভব নয় বলেই মনে করছেন। একই সঙ্গে অনলাইনে অন্যকে অপমান, ট্রল বা কটূক্তি করা ব্যক্তিদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী।

অভিনেত্রীর মতে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকে আক্রমণ করে, অপমানজনক মন্তব্য করে বা গালাগাল করে, তাদের অনেকেই নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং মানসিক নিরাপত্তাহীনতায় ভোগেন।

নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রভা বলেন, ‘আমাকে বুলিং করা হচ্ছে অলমোস্ট ১৬ বছর ধরে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, তা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন, তার যদি ৫০ পার্সেন্ট আমাকে (ভিকটিমকে) করে বাকি ৫০ পার্সেন্ট ক্রিমিনালটাকে খুঁজে বের করে মক করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে আনতেন যে ও একজন ক্রিমিনাল, তাহলে পরিস্থিতি এমন হতো না।’

অভিনেত্রীর দাবি, আমাদের সমাজে ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দোষারোপ করার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ হলেও অনেক সময় অপরাধীদের বদলে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আপনারা আমাকে যতটা বুলিং করেছেন, তার অর্ধেকও যদি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে করতেন, তাহলে অনেক অপরাধীর জন্ম হতো না।’

অপরাধীদের জবাবদিহির আওতায় আনার পরিবর্তে যখন সমাজ ভুক্তভোগীদেরই বারবার মানসিকভাবে আঘাত করে, তখন সেই সংস্কৃতি আরো ভয়াবহ রূপ নেয় বলে মনে করেন প্রভা। 

ভিডিও বার্তায় তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতা, শৈশবের মানসিক আঘাত (চাইল্ডহুড ট্রমা) এবং সঠিক পারিবারিক শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন। পাশাপাশি সাইবার বুলিং ও ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই অভিনেত্রী।

মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা

বিনোদন প্রতিবেদক
মোশাররফ করিমের ওপর ‘হামলা’, অস্বীকার করলেন অভিনেতা
সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে কলকাতায় একটি অপ্রীতিকর ঘটনার অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, কলকাতার নিউ মার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে নিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি মোশাররফ করিমকে উদ্দেশ করে কটূক্তি করেন।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো অবস্থারও সৃষ্টি হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে আরো দাবি করা হয়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিনেতাকে নিরাপদ স্থানে যেতে সহায়তা করেন।

‘মোশাররফ করিম কলকাতায় হামলার স্বীকার হয়েছেন’  এমন শিরোনামে সংবাদ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও ঘটনাটিকে অস্বীকার করেছেন অভিনেতা। গণমাধ্যমে অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন ততটুকু এই ঘটনায় নেই, বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

পুরো বিষয়টিকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন মোশাররফ করিমের স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই।

এ ছাড়া কলকাতার নিউমার্কেট এলাকার সেই কস্তুরি রেস্টুরেন্ট কর্তৃপক্ষও এই বিষয়ে কিছু বলতে পারেননি। তারা এরকম কিছু দেখেননি এবং জানেন না বলে জানিয়েছেন।  

এদিকে বিষয়টি নিয়ে মোশাররফ করিমের সঙ্গে কথা হয়েছে অভিনেতা শামীম জামানের। তিনি অভিনয় শিল্পী সংঘকে অবহিত করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় যে খবরটি ছড়িয়েছে সেটি মিথ্যা। এরকম কোনো কিছুই ঘটেনি। 

জানা গেছে, কোনো শুটিং বা পেশাগত কাজে নয়, ব্যক্তিগত অবকাশ যাপনের উদ্দেশ্যে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তাঁর স্ত্রী জুঁই। কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

অভিমান করে গিটার বিক্রি করে দিচ্ছেন আইয়ুব বাচ্চু | কালের কণ্ঠ