ভারতের রাজধানী দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মন্ত্রী ও দিল্লি পুলিশর কড়া সমালোচনা করেন।
অরিজিৎ তাঁর পোস্টে লিখেছেন, ‘আপনারা তো এখন শিক্ষার্থীদেরও মারধর করছেন! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন? সবকিছু মনে রাখা হবে। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র সত্য।’
শিক্ষাক্ষেত্রে অনিয়ম এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গত দুই সপ্তাহের বেশি সময় ধরে দিল্লিতে ছাত্রবিক্ষোভ চলছে।
আন্দোলনকারীদের দাবি, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কিন্তু তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকেই পুলিশের পদক্ষেপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন।
অরিজিৎ সিংয়ের পাশাপাশি শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ এবং সোনাক্ষী সিনহাসহ আরও অনেক বলিউড তারকা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।
এদিকে প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুকও এই আন্দোলনে যোগ দিয়ে অনশন করেছিলেন। পরে তাঁকে পুলিশ হাসপাতালে ভর্তি করে।
পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনার দাবি জানিয়েছেন ভারতের বিশিষ্টজনরা।






