পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন। পবিত্র মক্কা শরিফ থেকে ছবি প্রকাশ করে নিজেই এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভাগ করে নিয়েছেন কাবা শরিফ প্রথম দেখার আবেগঘন অনুভূতিও।
শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরিফের কয়েকটি ছবি পোস্ট করেন ভাবনা। ছবির ক্যাপশনে তিনি ওমরাহ পালনের অভিজ্ঞতা তুলে ধরেন।
ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরো লিখেছেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’
অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই তাঁর ও পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।
ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আশনা হাবিব ভাবনা। পরে ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি।
পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’সহ বেশ কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং লেখক হিসেবেও সমান পরিচিত।





