বগুড়ার শাজাহানপুরে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নুকে তিন দিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে রিটার্নিং অফিসার। বুধবার স্মারক নম্বর ১৭.০৪.১০০০.০০০.৪০.০০১.১৯-২৩৩ মূলে রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এই নোটিশ প্রদান করা হয়। যার অনুলিপি সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা সহ সংশ্লিষ্ট ১২টি দপ্তরে প্রেরণ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, আগামী ১৮ মার্চ শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে প্রতিবন্ধকতা, মারপিট, হুমকি, ধমকি, পোস্টার, হ্যান্ডবিল ছিনতাই ও ছিঁড়ে ফেলার প্রতিকার চেয়ে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল বাশার রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন। উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি ২০১৬ এর বিধি ৩১ অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অর্থ, অস্ত্র ও পেশিশক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহরাব হোসেন উপরি-উক্ত বিধি লঙ্ঘন করায় কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে তা তিন দিনের মধ্যে জানানোর জন্য অনুরোধ করা হয়। নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক সোহরাব হোসেন ছান্নু জানান, তিনি এখন পর্যন্ত কোনো চিঠি পাননি।