ব্যাপক অনিয়ম আর কারচুপির অভিযোগ এনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন নোয়াখালী ৪ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। আর দুপুরে জেলা শহরের ফকিরপুর গ্রামের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। সেই সাথে এই আসনে পুনর্নির্বাচনের দাবি জানান বিএনপির এই প্রার্থী। সংবাদ সম্মেলনে তিনি জানান, সকাল থেকেই আওয়ামী লীগের ক্যাডাররা বিভিন্ন কেন্দ্র দখল করে জাল ভোট দিতে শুরু করে। তারা বিএনপির কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি। এমনকি সাধারণ ভোটারদেরও কেন্দ্রে ঢুকতে নানা ভয়-ভীতি দেখানো হচ্ছে। তিনি নিজেও ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি বলে জানান। এটি নির্বাচন কমিশনের একটি বড় ব্যর্থতা এবং এই আসনে নির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।