বিএনপি-জামায়াত একদিকে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে ভোটারদের মধ্যে আতংক ছড়াচ্ছে এবং গণমাধ্যমের সামনে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর আজ রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত দলের এক সংবাদ সম্মেলনে একথা বলেন নানক। তিনি বলেছেন, ‘বিএনপি-জামায়াত ও জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপকৌশল বেছে নিয়েছে।’ তিনি বলেন, ‘তারা সারাদেশে সহিংসতা করে ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে।’ নানক সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীর প্রতি আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য গোলাম রব্বানী চিনু ও মারুফা আক্তার পপি প্রমুখ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি-জামায়াত একদিকে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টি করে ভোটারদের মধ্যে আতংক ছড়াচ্ছে এবং গণমাধ্যমের সামনে মিথ্যাচার করছে। ইভিএম নিয়ে তারা হাস্যকর অভিযোগ তুলছে।