কক্সবাজার ১ আসনে (চকরিয়া-পেকুয়া) ভোট চলাকালীন আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ছাত্রলীগকর্মীর নাম আবদুল্লাহ আল ফারুক বলে নিশ্চিত করেছেন পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। আজ বেলা সাড়ে ১১টার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ ও নিহতের ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক সূত্র জানায়, পেকুয়া উপজেলার রাজাখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সকাল ১০টা থেকে মুখোমুখি অবস্থানে ছিল স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। বেলা সাড়ে ১১টার সময় সংঘর্ষ শুরু হয় এবং বিএনপিকর্মীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন ছাত্রলীগকর্মী ফারুক। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। উল্লেখ্য, কক্সবাজার ১ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৯টি। একটি বাদে বাকি সব কেন্দ্রে সকাল থেকেই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। পুরো আসনজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।