• ই-পেপার

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

পুরান ঢাকায় পরিচ্ছন্নতাকর্মী হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪

নিজস্ব  প্রতিবেদক
পুরান ঢাকায় পরিচ্ছন্নতাকর্মী হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি

পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, ‘পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে তাঁকে হত্যা করা হয়।’ 

গ্রেপ্তার একজনের নাম মো. রাশেদ (২০)। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক।   

শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে বিরোধের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন নামের ওই যুবককে হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা ১৪-১৫ জনের বিরুদ্ধে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
প্রতীকী ছবি

রাজধানী থেকে জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গুলশান থেকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।’

নূর মোহাম্মদ জামালপুর-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়লেও সে সময় পরাজিত হয়েছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ছাড়াও তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ

নিজস্ব প্রতিবেদক
তুরাগে ছাত্রলীগের ৭ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
সংগৃহীত ছবি

‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘তুরাগ নদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের গুজব ছড়িয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।’

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : ডিএসসিসি প্রশাসক

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ভেজালমুক্ত খাদ্যব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (২৭ জুন) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস এবং ফুড সেফটি মুভমেন্টের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, খাদ্য নিরাপত্তা মানুষের প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত। রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু সরকারি সাঁড়াশি অভিযানই যথেষ্ট নয়; বরং জনগণের মধ্যে সচেতনতার অভাবই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সবচেয়ে বড় বাধা। উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

​তিনি নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা কেবল সীমিত পরিসরে না রেখে মসজিদ, মাদ্রাসা এবং উন্মুক্ত পরিসরে ছড়িয়ে দেওয়ার ওপর তাগিদ দেন। একই সঙ্গে ফুড কোর্ট, ফুটপাতের খাবার বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের এসব সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

​সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কথা উল্লেখ করে আবদুস সালাম বলেন, আগে সমাজে স্বেচ্ছাসেবী কার্যক্রম, সাংস্কৃতিক সংগঠন, ক্লাব ও পাঠাগারের ভূমিকা ছিল অনেক বেশি। বর্তমানে এসব কার্যক্রম কমে যাওয়ায় সামাজিক সচেতনতা ও মানবিকতাও কমেছে। মানুষকে মানবিক করে তুলতে পারলে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রিও অনেকাংশে কমে আসবে।

​ফুটপাত ও ভ্রাম্যমাণ খাবারের দোকানের বিষয়ে প্রশাসক বলেন, রাজধানীতে ফুড কোর্টের পাশাপাশি ভ্যানে করে খাবার বিক্রির প্রবণতা বেড়েছে। এসব খাবার তৈরিতে ব্যবহৃত পানির গুণগত মান এবং ধোয়া-মোছার প্রক্রিয়া তদারকির প্রয়োজন রয়েছে। ব্যবসা চলবে, তবে তা অবশ্যই একটি সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত ব্যবস্থার মধ্যে হতে হবে।

ডিএসসিসির পক্ষ থেকে নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে, আমি তার সঙ্গে শরিক হতে চাই। আপনারা আন্দোলন করুন, সিটি করপোরেশনের সহকর্মী হিসেবে আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মাহমুদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে কার্যকর তদারকি ও কঠোর আইন বাস্তবায়নের দাবি জানান।

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত | কালের কণ্ঠ