আগামীকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোট দিতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। এদিকে অধিকাংশ গণপরিবহন বন্ধ হয়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে কমলাপুর রেল স্টেশনে ভিড় করেছেন হাজারো মানুষ। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাত্রীদের বাড়তি ভিড়কে অনেকেই ঈদের সঙ্গে তুলনা করছেন। আজ শনিবার কমলাপুর ছেড়ে যাওয়া সবগুলো ট্রেনেই প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী বাড়তি ভিড়ের বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। তাদের নিরাপদে বাড়ি ফেরার জন্য রেলওয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি। সরেজমিনে দেখা যায়, আজ শনিবার কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন ছিল যাত্রীতে পূর্ণ। এছাড়া ট্রেনে জায়গা না পেয়ে যাত্রীরা ঝুঁকি নিয়ে ছাদেও উঠছেন। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, গত কয়েকদিন আগেই ট্রেনের নির্ধারিত আসনের টিকিট বিক্রি শেষ হয়েছে। সিট না পেয়ে দাঁড়িয়ে যাওয়ার জন্য টিকিট নিচ্ছেন যাত্রীরা।