• ই-পেপার

দাদনের জালে গফরগাঁওয়ের চা বিক্রেতা মানিক

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে মিন্টু শেখ ওরফে মিঠু শেখ (৪৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা মিঠু শেখের ডান হাত কেটে নিয়ে যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান। নিহত মিঠু শেখ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বৌলপুর গ্রামের ওহেদ শেখের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে বাড়ির কাছে কলাক্ষেতে কাজ করে বাড়ি ফিরছিলেন মিঠু। এ সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মিঠু মারা যায়। নিহত মিঠুর ২ ছেলে, ৩ মেয়ে ও স্ত্রী রয়েছেন।

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ জানান, নিহত মিঠু হোগলাপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ছিল। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। তিনি আরো জানান, বিগত কয়েক বছর নিহত মিঠুর চাচাতো ভাই মাষ্টার গোলাম রসুলকেও হত্যা করা হয়েছিল।

ঘটনার খবর পেয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মাহমুদুর রহমানসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। মিঠু শেখের হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান ওসি মাহমুদুর রহমান। প্রাথমিকভাবে জমি-জমা সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে বলেও জানান তিনি।

রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত
সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে উপজেলার মির্জানগর এলাকার খানাবাড়ি স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেললাইন পার হওয়ার সময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তার পরনে ছিল মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা-কালো চেক লুঙ্গি। তার মাথা ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।

শিবচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুর প্রতিনিধি
শিবচরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : কালের কণ্ঠ

মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিয়াম হাওলাদার (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের কুতুবপুর এলাকার খালেক ফকির বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম হাওলাদার উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে কুতুবপুরের দিকে যাচ্ছিলেন সিয়াম। পথে খালেক ফকির বাজার এলাকায় পৌঁছালে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় তার। এসময় সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। পরে সেখানে তার মৃত্যুর খবর পাওয়া যায়।’

এমপির নির্দেশনা উপেক্ষিত

পটিয়ায় পুকুর সংস্কারের আড়ালে চলছে মাটি বিক্রির মহোৎসব

কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)
পটিয়ায় পুকুর সংস্কারের আড়ালে চলছে মাটি বিক্রির মহোৎসব

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুকুর সংস্কারের অনুমতিকে 'ঢাল' হিসেবে ব্যবহার করে প্রকাশ্যে চলছে মাটি বিক্রির মহোৎসব। দিন-রাত সমানতালে স্ক্যাভেটর দিয়ে কাটা হচ্ছে পুকুর, ফসলি জমি ও টিলা। প্রশাসনের শর্ত মানা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে অনুমতি ছাড়াই চলছে মাটি উত্তোলন। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিজমি, নষ্ট হচ্ছে সরকারি সড়ক-মহাসড়ক আর স্থানীয়দের মধ্যে বাড়ছে উদ্বেগ ও আতঙ্ক।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে শক্তিশালী 'মাটি খেকো সিন্ডিকেট'। তারা রাজনৈতিক প্রভাব, অর্থবল ও স্থানীয় কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় দীর্ঘদিন ধরে অবাধে মাটি কেটে বিক্রি করছে। বিষয়টি এখন এলাকাবাসীর কাছে ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ধলঘাট, কেলিশহর, হাইদগাঁও, মোজাফরাবাদ, শোভনদন্ডী, খরনা, বড়লিয়া,  আশিয়া ও কাশিয়াইশ ইউনিয়নে একযোগে চলছে মাটি কাটার উৎসব। বিশেষ করে পটিয়া সীমান্তের ধলঘাট এলাকার প্রভা স্টোরের পশ্চিম পাশে বীরকন্যা প্রীতিলতা সড়ক ঘেঁষা একটি বড় পুকুরে সংষ্কারের আড়াঁলে ব্যাপকভাবে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। প্রতিদিন শত শত ট্রিপ মাটি বহনকারী পিকআপ ও ডাম্পার চলাচলের কারণে গুরুত্বপূর্ণ প্রীতিলতা সড়কের বিভিন্ন অংশ ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দিনে তো মাটি কাটছেই, এখন রাতেও ঘুমানো যায় না। ভারী গাড়ির শব্দে শিশু ও বৃদ্ধরা অতিষ্ঠ। রাস্তাদর অবস্থা এত খারাপ হয়েছে যে চলাচল করাই কষ্টকর।’

আরেক বাসিন্দা তৃষ্ণা দাশ বলেন, ‘ফসলি জমি কেটে শেষ করে ফেলছে। কেউ প্রতিবাদ করলে নানা ধরনের চাপ আসে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’

এদিকে, মাটি কাটা কেন্দ্র করে গত ১১ মে বড়লিয়া ইউনিয়নে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলাও হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, মাটি ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। যে কোন দিন, যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।

অপরদিকে, পরিবেশ সচেতন মহল মনে করছেন এভাবে অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে কৃষি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি পরিবেশগত ভারসাম্যও হুমকির মুখে পড়ছে। আইন অনুযায়ী অনুমতি ছাড়া মাটি উত্তোলন ও বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ ক্ষেত্রে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ প্রযোজ্য। কৃষিজমি বা পরিবেশের ক্ষতি করে মাটি বিক্রি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

এ বিষয়ে কেলিশহর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন বলেন, ‘পুকুর সংস্কারের জন্য শর্তসাপেক্ষে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু সেই শর্ত ভঙ্গ করে মাটি বিক্রির সত্যতা পাওয়া গেছে রবিবার দুপুরে। এজন্য সংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে যদি শর্ত ভঙ্গের আলামত পাওয়া যায় তখন মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় বা কারাদন্ড বা উভয় দন্ডের বিধান রয়েছে।’

সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ‘মাটি খেকোদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধভাবে মাটি কাটা কোনোভাবেই বরদাশত করা হবে না। তবে আগের তুলনায় কিছুটা কমেছে বলে আমার কাছে মনে হয়েছে।’

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘পটিয়ায় মাটিকাটা কিছু দিন কমে গিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারো বেপরোয়া হয়েছে উঠেছে মাটি খেকোরা। খবর পেলে আমরা ঘটনাস্থলে টিম পাঠাচ্ছি। কিন্তু তার আগেই ঘটনাস্থল থেকেই তারা সটকে পড়ে।’ 

তবে স্থানীয়দের দাবি শুধু নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ চান না, প্রয়োজন দৃশ্যমান অভিযান ও কঠোর শাস্তির। অন্যথায় প্রভাবশালী সিন্ডিকেটের কাছে প্রশাসনের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। প্রশাসনের কঠোর অবস্থান বাস্তবে কতটা কার্যকর হয়, নাকি পুকুর সংস্কারের আড়ালে চলতেই থাকবে মাটি বিক্রির এই অঘোষিত সিন্ডিকেটের দৌরাত্ম।  

দাদনের জালে গফরগাঁওয়ের চা বিক্রেতা মানিক | কালের কণ্ঠ