• ই-পেপার

মান্দায় ভুয়া পরীক্ষার্থী আটক

কুপি-হারিকেনের আলোয় লেখা সাফল্যের ইতিহাস, পূরণ হলো মায়ের স্বপ্ন

মির্জাপুর প্রতিনিধি
কুপি-হারিকেনের আলোয় লেখা সাফল্যের ইতিহাস, পূরণ হলো মায়ের স্বপ্ন
মোহাম্মদ সাগর খান

প্রবল ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর মায়ের স্বপ্ন পূরণের প্রত্যয়ে দারিদ্র্যকে হার মানিয়েছেন মির্জাপুরের তরুণ মোহাম্মদ সাগর খান। ৪৬তম বিসিএসে তথ্য ক্যাডার এবং ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি এখন সবার প্রশংসায় ভাসছেন।

মোহাম্মদ সাগর খান টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামের অটোরিকশা চালক আকবর খান ও সেলিনা বেগমের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে সাগর খান দ্বিতীয়।

পরিবার ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, অটোরিকশা চালক বাবার স্বল্প আয়ের সংসারে বেড়ে ওঠা সাগর ছোটবেলা থেকেই মেধাবী। কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষে রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। সেখান থেকে ২০১৫ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৭ সালে ঢাকা সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন। সংসারের অভাব-অনটন কখনোই থামাতে পারেনি তাকে। বর্তমান যুগেও এসএসসি পর্যন্ত বিদ্যুৎ ছাড়াই কুপি ও হারিকেনের আলোয় পড়াশোনা করতে হয়েছে তাকে। অনেক সময় কেরোসিন না থাকায় দিনের আলোতেই পড়া শেষ করতে হয়েছে। টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন তিনি।

এরপর ২০২৫ সালের ২ জুলাই ওয়ান ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে চাকরি পান সাগর। কিন্তু চাকরিতে যোগদানের মাত্র ৯ দিনের মাথায় মারা যান তার মমতাময়ী মা সেলিনা বেগম। শোক কাটিয়ে উঠতে না উঠতেই ৪৬তম বিসিএসে লিখিত পরীক্ষায় অংশ নেন এবং তথ্য ক্যাডারে সুপারিশ পান। মায়ের স্বপ্ন ছিল ছেলে প্রশাসন ক্যাডারে যোগ দিয়ে দেশের সেবা করবেন। সেই স্বপ্ন পূরণে প্রস্তুতি চালিয়ে যান সাগর। অবশেষে ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন সাগর।

সাগর খানের বাল্যবন্ধু কল্লোল বলেন, সাগরের অধ্যবসায় ও সততা তাকে আরো অনেক দূর নিয়ে যাবে। তার এই সাফল্যে কহেলা গ্রামসহ গর্বিত পুরো এলাকার মানুষ।

বাবা আকবর খান বলেন, সাগরের এই অর্জনে আমরা গর্বিত। সাগর সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করবে বলে বিশ্বাস। সেবার মাধ্যমে সাগর একজন আদর্শ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এই দোয়া করি। তিনি ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

মোহাম্মদ সাগর খান বলেন, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি এবং দারিদ্র্যতার মধ্যে বেড়ে উঠেছি। এই দারিদ্র্যতার মধ্যে আমি একটা জিনিস বেছে নিয়েছি, সেটি হচ্ছে লেখাপড়া। সমাজ ও দেশের জন্য কাজ করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। সব সময় একটা বিষয় বিশ্বাস করতাম প্রবল ইচ্ছা শক্তি থাকলে দারিদ্র্যতা কখনো মানুষকে দমাতে পারে না। আমারও সেই ইচ্ছা-শক্তি থেকেই আজ এ পর্যন্ত এসেছি। মায়ের ইচ্ছা ছিল প্রশাসন ক্যাডারে চাকরি করে দেশ ও মানুষের সেবা করা। কিন্তু আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। বিভিন্ন কারণে আমি তা করতে পারিনি। এসময় তিনি তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

রাজাপুর কহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহম্মদ আব্দুল খালেক বলেন, সাগর শুধু আমাদের বিদ্যালয়ের নয়, সারা দেশের শিক্ষার্থীদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। দারিদ্র্যকে হারিয়ে তার এই সাফল্য নতুন প্রজন্মকে স্বপ্ন দেখাবে।

সংগ্রাম, অধ্যবসায় আর মায়ের স্বপ্নকে শক্তি করে দারিদ্র্যকে জয় করেছেন মোহাম্মদ সাগর খান। তার এই সাফল্য প্রমাণ করে, পরিস্থিতি নয়, ইচ্ছাশক্তিই মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দেয় বলে তিনি মন্তব্য করেন।

৪ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটি সংবাদদাতা
৪ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) স্পিলওয়ের ১৬টি জলকপাট টানা চারদিন খোলা রাখার পর বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১১টায় সবগুলো জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, গত চার দিন ধরে স্পিলওয়ের ১৬টি জলকপাট দিয়ে পানি নিষ্কাশনের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা কমে এসেছে। এ কারণে বুধবার রাত ১১টায় সব জলকপাট বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, রাত ১১টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৩.২৬ ফুট এমএসএল। এসময় কেন্দ্রের পাঁচটি উৎপাদন ইউনিট থেকে গড়ে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।

এর আগে, গত শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা ২০ মিনিটে কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৪.০৮ ফুট মিনস সি লেভেল-এ পৌঁছে বিপৎসীমার কাছাকাছি চলে যাওয়ায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়।

এর ফলে প্রায় ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছিল। টানা ১০৭ ঘণ্টা ৪০ মিনিট পানি নিষ্কাশনের পর লেকের পানির উচ্চতা নিরাপদ পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ সব জলকপাট বন্ধের সিদ্ধান্ত নেয়।

গুজবে তেল কিনতে হুড়োহুড়ি, আক্কেলপুরে ৩ পাম্পে বাড়তি চাপ

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
গুজবে তেল কিনতে হুড়োহুড়ি, আক্কেলপুরে ৩ পাম্পে বাড়তি চাপ
ছবি : কালের কণ্ঠ

জয়পুরহাটের আক্কেলপুরে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় তিনটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের ভিড় ও হুড়োহুড়ির ঘটনা ঘটেছে।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, উপজেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে। গুজবের কারণেই এ অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার(২২ জুলাই) সন্ধ্যায় আক্কেলপুর ফিলিং স্টেশনে দেখা যায়, স্বাভাবিক সময়ের তুলনায় সেখানে মোটরসাইকেলের দীর্ঘ সারি।

অনেক চালক একসঙ্গে তেল নিতে এসে অপেক্ষা করছেন। কেউ কেউ প্রয়োজনের চেয়েও বেশি পরিমাণ তেল কিনে রাখার চেষ্টা করছেন। এতে কিছু সময়ের জন্য স্টেশনটিতে বাড়তি চাপ সৃষ্টি হয়। এ ছাড়া উপজেলার তিলকপুরের তুষার ফিলিং স্টেশন ও রায়কালীর সরদার ফিলিং স্টেশনেও মোটরসাইকেল চালকদের হুড়োহুড়ির খবর পাওয়া গেছে।

আক্কেলপুর ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, বর্তমানে তাদের কাছে ৭ হাজার লিটার পেট্রল, ৬ হাজার ২০০ লিটার অকটেন এবং ২১ হাজার লিটার ডিজেল মজুদ রয়েছে। নিয়মিতভাবেই জ্বালানি তেলের সরবরাহ পাওয়া যাচ্ছে।

তেল নিতে আসা কয়েকজন মোটরসাইকেল চালক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ও পরিচিতদের কাছ থেকে বিভিন্ন স্থানে তেল সংকটের খবর শুনেই তারা দ্রুত ফিলিং স্টেশনে ছুটে আসেন। পরে এসে জানতে পারেন, প্রকৃতপক্ষে কোনো সংকট নেই।

মোটরসাইকেল চালক হাসান আলী বলেন, পরিচিত কয়েকজনের কাছে শুনলাম তেলের সংকট হতে পারে। তা ছাড়া বিষয়টি ফেসবুকেও ছড়িয়ে পড়েছে। তাই ঝুঁকি না নিয়ে তেল নিতে চলে এসেছি। কিন্তু পাম্পে এসে জানতে পারলাম পর্যাপ্ত তেল রয়েছে। আসলে গুজবের কারণেই এত ভিড় হয়েছে।

আক্কেলপুর ফিলিং স্টেশনের ম্যানেজার জিল্লুর রহমান বলেন, আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে। সরবরাহও স্বাভাবিক আছে। গুজবের কারণে হঠাৎ অনেক মানুষ একসঙ্গে তেল নিতে আসায় ভিড় হয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ফিলিং স্টেশনের মালিক বজলুর রশিদ মন্টু কবিরাজ বলেন, জ্বালানি তেলের সংকটের কোনো তথ্য নেই। আমরা ডিপো থেকে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছি। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেওয়ার আহ্বান জানাচ্ছি। অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান বলেন, উপজেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে। সরবরাহ স্বাভাবিক রয়েছে। কেউ যেন গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করে। গুজবে কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি।

সদরপুরে মাদক সেবন করে ধরা, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুরে মাদক সেবন করে ধরা, দুই যুবকের ১৫ দিনের কারাদণ্ড
সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুরে মাদক সেবন করে এলাকাবাসীর সঙ্গে অশোভন আচরণ করায় আমিনুল কাজী (৩১) ও আজিজুল শেখ (২৮) নামে দুই তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার রাজার চর ওয়াজ হাওলাদার কান্দি এলাকায় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আমিনুল কাজী উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মো. আশরাফ কাজীর ছেলে ও আজিজুল শেখ একই গ্রামের খলিল শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আমিনুল কাজী (৩১) ও আজিজুল শেখ (২৮) প্রায়ই মাদক সেবন করে পরিবারসহ এলাকার আশপাশের লোকজনের সঙ্গে উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ করেন। এরই প্রেক্ষিতে বুধবারও তারা মাদক ক্রয় করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তল্লাশিকালে দুজনের কাছে ৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ৬ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদরপুর থানার একদল পুলিশ সদস্য।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

মান্দায় ভুয়া পরীক্ষার্থী আটক | কালের কণ্ঠ