• ই-পেপার

মানবিক আবেদন

তিন মাসের শিশু রাহির হৃদযন্ত্রে ফুটো, ওকে বাঁচাতে টাকা প্রয়োজন

শিশু আয়নী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শিশু আয়নী হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
সংগৃহীত ছবি

চট্টগ্রামে চাঞ্চল্যকরা শিশু আবিদা সুলতানা আয়নী ধর্ষণ ও হত্যা মামলার রায়ে একমাত্র আসামি রুবেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ বিচারক সাইফুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তিনি বলেন, ‘রায়ে দণ্ডবিধির ৩০২ ধারায় রুবেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯(৪)(খ) ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।’

জানা গেছে, ২১ মার্চ ২০২৩ সন্ধ্যায় আরবি পড়তে বের হয়ে ঘরে ফেরেনি আয়নী। বিড়াল ছানার লোভ দেখিয়ে আয়নীকে পাশবিক নির্যাতন ও বালিশ চাপা দিয়ে মেরে বস্তাবন্দী করে ময়লার স্তুপে চাপা দিয়ে রাখা হয়েছিল। শিশু আয়নী হত্যার ঘটনায় পাহাড়তলী থানার তৎকালীন পুলিশ ভুক্তভোগীড় পরিবারকে যথাযথ সহায়তা করেনি। শিশুটির মা অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদের মাধ্যমে আদালতের দ্বারস্থ হলে হত্যার আট দিন পর পচে গলে যাওয়া শিশুটিকে উদ্ধার করে পিবিআই।

অ্যাডভোকেট মুরাদ জানান, সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট ও ২৪ জন সাক্ষীর অকাট্য প্রমাণে আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মামলার রায়ে পরিবার এবং আমরা সন্তুষ্ট।

২০২৩ সালের ২৯ মার্চ ভোর রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার আব্দুর কাজীর দিঘীরপাড়া এলাকার ডোবা থেকে শিশু আয়নীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ২১ মার্চ থেকে আয়নী নিখোঁজ ছিল। বিড়াল ছানার প্রতি ছিল শিশু আয়নীর প্রচণ্ড লোভ। কেউ বিড়াল ছানা দেবে বলে ডাকলেই ছুটে যেত চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশুটি। এ সুযোগই কাজে লাগান ওই এলাকার সবজি বিক্রেতা মো. রুবেল (৩৫)।

গত ২১ মার্চ বিড়াল ছানা দেওয়ার কথা বলে কৌশলে আয়নীকে ডেকে এক আত্মীয়ের বাসায় নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করেন রুবেল। তারপর ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে গলা টিপে আয়নীকে হত্যা করে তার মরদেহ একটি ডোবায় ফেলে দেন।

উপকূলীয় মানুষের জান-মাল রক্ষায় সরকার বদ্ধপরিকর : এমপি সরওয়ার জামাল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
উপকূলীয় মানুষের জান-মাল রক্ষায় সরকার বদ্ধপরিকর : এমপি সরওয়ার জামাল
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, ‘বর্তমান সরকার উপকূলীয় জনগণের জান-মাল রক্ষায় বদ্ধপরিকর। সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত এবং পানিবন্দি পরিবারের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে আনোয়ারার বেড়িবাঁধ নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।’ 

সোমবার (২০ জুলাই) দুপুরে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠার মাঝির ঘাট এলাকায় বেড়িবাঁধ পরিদর্শন এবং বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এমপি সরওয়ার জামাল বলেন, ‘দুর্যোগে সড়ক যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের এরই মাঝে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী বর্ণ হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী আনসার, দক্ষিণ জেলা বিএনপির নেতা আকতার নবী চৌধুরী ও সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ প্রমুখ।

মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকতে হবে : এমপি মহিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সজাগ থাকতে হবে : এমপি মহিত
ছবি: কালের কণ্ঠ

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংস করছে মাদক। এটি নির্মূলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো সজাগ থেকে দায়িত্ব পালন করতে হবে। 

সোমবার (২০ জুলাই) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুল মহিত তালুকদার বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, উপজেলা জামায়াতের নায়েবে আমির ডা. ইউনুস আলী, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন প্রমুখ। 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ সংবাদদাতা
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ছবি: কালের কণ্ঠ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়ানুর হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই)  সকালে উপজেলার কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃত ইয়ানুর ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলায় গ্রামের জামির আলীর ছেলে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কোটচাঁদপুর  সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি পুরাতন ভবন ভাঙার কাজ করছিলেন ইয়ানুসহ কয়েকজন শ্রমিক। ভবন ভাঙার একপর্যায়ে অসাবধানতাবশত ইয়ানুরের হাতে থাকা একটি রড পাশে থাকা বিদ্যুতের মেইন লাইনের তারের সংস্পর্শে আসে। এতে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসার উল্লাহ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে পরিদর্শন করেছে। অসাবধানতাবশত রড বিদ্যুতের মেইন লাইনে লেগে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। 

তিন মাসের শিশু রাহির হৃদযন্ত্রে ফুটো, ওকে বাঁচাতে টাকা প্রয়োজন | কালের কণ্ঠ