নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যান উল্টে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে। রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়া গ্রামের ভ্যানচালক পরিমল বর্মণ (৪০), তার ছোট ভাই প্রদীপ বর্মণের স্ত্রী প্রতিমা বর্মণ (৩০), প্রতিমার মেয়ে বিপাশা বর্মণ (৮) ও ছেলে যাদব বর্মণ (৪)। পরিমল ও প্রদীপ ওলি বর্মণের ছেলে।
আহতরা হলো প্রতিমা বর্মণের যমজ সন্তান নম্রত বর্মণের (৪) এবং একই এলাকার সহিদুল ইসলাম (৪০)। তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে যাচ্ছিল। পথে জলঢাকা থেকে ডোমারের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাক একবট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে যায় এবং ট্রাকটিও সড়কের পাশে উল্টে পড়ে। দুর্ঘটনায় ভ্যান চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরো দুজন।
খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।




