• ই-পেপার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার, নিরাপত্তা জোরদার

একটি জাতির অগ্রগতি নির্ভর করে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদের ওপর : এমরান সালেহ প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
একটি জাতির অগ্রগতি নির্ভর করে শিক্ষিত ও দক্ষ মানবসম্পদের ওপর : এমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহের ধোবাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদের ওপর। তাই ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা জ্ঞান, মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে নেতৃত্ব দিতে সক্ষম হবে।’

আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন আয়োজিত বেফাক বোর্ড, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘সংবর্ধনা শুধু কয়েকজন শিক্ষার্থীর সাফল্য উদযাপনের অনুষ্ঠান নয়; এটি আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগরদের সম্মান জানানোর অনুষ্ঠান। যারা আজ কৃতিত্ব অর্জন করেছে, তারা আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, আলেম, প্রশাসক, উদ্যোক্তা এবং রাষ্ট্রনায়ক।’

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বর্তমান যুগে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনের যুগে সবাইকে  প্রস্তুত হতে হবে। কেবল আধুনিক জ্ঞানই যথেষ্ট নয়; এর সঙ্গে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদেরকে সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে সমৃদ্ধ হতে হবে। তাহলেই তারা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কল্যাণকর ভূমিকা রাখতে পারবে।’

তিনি বলেন, ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে। আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের অর্জনের স্বীকৃতির পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।’

মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্যসচিব আনিসুর রহমান মানিক এবং জমিয়তে উলামায়ে ইসলাম ধোবাউড়া উপজেলা শাখার আমীর মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বেফাক বোর্ড, এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় শিক্ষক, অভিভাবক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

ডাকবাংলোয় ২ মেয়েসহ পরিছন্নতাকর্মীর মৃত্যু

বরগুনায় বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি
বরগুনায় বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো পরিছন্নতাকর্মী ও তার দুই মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং সিসি টিভি ফুটেজ প্রকাশের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা পৌর শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বিক্ষোভকারীর সুষ্ঠু বিচারের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। এর আগে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ হাতে পাওয়ার পরপরই শোক ও ক্ষোভে ফেটে পড়ে স্বজনরা। তারা লাশ নিয়ে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইতি রানী ও তার দুই কন্যা হত্যার বিচার চাই, ‘ধর্ষকদের ফাঁসি চাই, ‘ফাঁসি চাই-ফাঁসি চাই’সহ নানা স্লোগান দেয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের কালীবাড়ি এলাকার নিহতদের বাড়িতে গিয়ে শেষ হয়।

গত বুধবার বিকেল ৪টার দিকে বরগুনা শহরের থানাপাড়া এলাকার জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে ইতি রানী (৩৪) ও তাঁর দুই মেয়ে আরাধ্য বিশ্বাস (১১) ও অনুরাধা বিশ্বাসের (৩) লাশ উদ্ধার করা হয়। ইতি জেলা পরিষদের ডাকবাংলোর অস্থায়ী কর্মচারী ছিলেন (পরিচ্ছন্নতাকর্মী)। তিনি বরগুনা পৌরসভার কালীবাড়ি সড়কের দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখা সভাপতি আইনজীবী সুশান্ত কুমার বেপারীর সভাপতিত্বে বিকেল ৪টা দিকে একই দাবিতে শহরের প্রধান সড়কের মানববন্ধন করে সর্বস্তরের নাগরিকরা। বরগুনার জেলা পরিষদ ডাকবাংলোতে মাসহ ২ শিশুর মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় এনে মৃত্যুর সুষ্ঠু বিচারের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন লাশ ময়নাতদন্তে সময়ক্ষেপণ করে মৃত্যুর ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। যদি এই কাজ করা না হয় তাহলে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখা সহসভাপতি মানিক সিকদার, কালীবাড়ি মন্দির কমিটি উপদেষ্টা মিলন দাস। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখা সদস্য আইনজীবী বাবুল দাস, বরগুনা আখড়াবাড়ী মন্দির কমিটির সদস্য খোকন কর্মকার, বরগুনা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুরাদুজ্জামান টিপন।

বগুড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের, মা আহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় বজ্রাঘাতে প্রাণ গেল কিশোরের, মা আহত
রাব্বি হোসেন। সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে বজ্রাঘাতে রাব্বি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামের একটি মরিচক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেলে রাব্বি হোসেন তার মা মনিকা বেগমসহ কয়েকজনের সঙ্গে মরিচক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে আঘাতে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি এবং তার মা আহত হন। পরে স্থানীয়রা মনিকা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নরসিংদীর মাধবদীতে কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ এবং পরে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে মাহবুব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পৌলাণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার। পরে ওইদিন রাতেই দুজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর বাবা।

অভিযুক্তরা হলেন মেহেরপাড়া এলাকার পৌলাণপুর গ্রামের মৃত মোতালেব মেম্বারের ছেলে মোশাররফ হোসেন (৩০) এবং আব্দুল কাদিরের ছেলে মাহবুব।

ভুক্তভোগী জানান, বুধবার রাতে চৈতাব এলাকার একটি টেক্সটাইল মিল থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে মোশাররফ ও মাহবুব তাকে জোরপূর্বক মাহবুবের পৌলাণপুরের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনাটি ভিডিও ধারণ করে কাউকে জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

এ ছাড়া ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা আদায় করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর তারা হুমকির মুখে বাধ্য হয়ে টাকা প্রদান করেন এবং পরে বিষয়টি থানায় জানান।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে পৌলাণপুর গ্রামের মোশাররফ ও মাহবুবের নাম উল্লেখ করে মাধবদী থানায় অভিযোগ করেছেন।

তিনি বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করেছে। অপর আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুক্রবার, নিরাপত্তা জোরদার | কালের কণ্ঠ