• ই-পেপার

মাদারীপুরে গাঁজাসহ তিনজন আটক

মনোহরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীতে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

নরসিংদীর মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মো. মনু মিয়া (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চিকাদী গ্রামের মনু মিয়ার বসতবাড়ির উঠান থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় মনু মিয়াকে আটক করা হয়।

আটক মাদক কারবারি মনু মিয়া ওই গ্রামের মৃত আয়েব আলীর পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) আবেদ আলীর নেতৃত্বে একদল পুলিশ মনু মিয়ার বাড়িতে অভিযান চালায়। এসময় একটি পলিথিন কাগজের ভেতর থেকে দুই কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু মিয়া মাদকদ্রব্য বিক্রির উদ্দেশে নিজের কাছে রাখার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, মনু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

লালপুরে বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১০ হাজার টাকা

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ১০ হাজার টাকা
ছবি: কালের কণ্ঠ

নাটোরের লালপুর উপজেলায় বাল্যবিয়ে বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধূপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৪ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে ১৭ বছর বয়সী এক কিশোরের বাল্যবিয়ের আয়োজন চলছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

পরে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা সুলতানার প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবা মো. আসাদুল ইসলামকে বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিনি তার মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে না দেওয়ার মর্মে লিখিত মুচলেকা দেন।

অভিযান শেষে বিয়ের জন্য প্রস্তুত করা খাবার অপচয় না করে কাছের এতিমখানায় বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এ উদ্দেশে খাবারগুলো ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকীর জিম্মায় দেওয়া হয় এবং তিনি তা যথাযথভাবে এতিমখানায় পৌঁছে দেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতায় ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এটি বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।

এবার ল্যান্ড ক্রুজারে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, ভেস্তে দিল পুলিশ

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
এবার ল্যান্ড ক্রুজারে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা, ভেস্তে দিল পুলিশ

গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিলাসবহুল একটি ল্যান্ড ক্রুজারে সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে ইয়াবা পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে পুলিশ।

কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল পরিচয়ধারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ল্যান্ড ক্রুজারটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কক্সবাজার সদর মডেল থানাধীন ঝিলংজা ইউনিয়নের কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম ওবায়দুল হাসান (৪১)। তিনি বগুড়া সদর উপজেলার বাগুপাড়া এলাকার মৃত দেলোয়ার রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল।

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান ও কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট পরিচালনা করছিলেন। এসময় একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজারকে থামার সংকেত দেওয়া হলে চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পালানোর সময় গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আহত হন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানসহ অন্য পুলিশ সদস্যও আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে গাড়িটি আটক করে তল্লাশি চালায়।

তল্লাশিতে গাড়ি থেকে ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত ল্যান্ড ক্রুজারটি জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। এসময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী আহত হন। একই ঘটনায় অন্য পুলিশ সদস্যসহ আমিও আহত হই। পরে ধাওয়া করে ওবায়দুলকে আটক করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া পরিচয় ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ মাদক চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ১৫ জুলাই কক্সবাজারের রামু উপজেলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় ৩ সদস্যের একটি চক্রকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ওই অভিযানে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেট কার ও ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছিল।

মাত্র ৮ দিনের ব্যবধানে বাংলাদেশ সেনাবাহিনীর স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের দ্বিতীয় ঘটনা সামনে আসায় মাদক পাচারকারীদের নতুন কৌশল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
রাজনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
প্রতীকী ছবি

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি টোকন ওরফে টুনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বড়লেখা থানার এক মামলায় ডাকাতির অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। এ ছাড়া রাজনগর থানায় ডাকাতিসংক্রান্ত একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আমাদের একটি টিম বৃহস্পতিবার রাতে রাজনগর উপজেলার চেলারচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

মাদারীপুরে গাঁজাসহ তিনজন আটক | কালের কণ্ঠ