ভোলার মনপুরায় দুই কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছঘাটের আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি নিলামে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব।
এর আগে এদিন ভোরে রামনেওয়াজ মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে কলাতলীর চরের আবাসনখাল এলাকার জেলে কামাল মাঝির জালে ইলিশটি ধরা পড়ে।
আড়তের ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলীরচর আবাসনখালের কামাল মাঝিসহ তার ট্রলারের জেলেরা রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিল। এ সময় তাদের জালে রাজা ইলিশটি উঠে আসে।
রামনেওয়ার মাছঘাটের বেপারী আইয়ুব আলী পাটোয়ারী জানান, বেপারিদের উপস্থিতিতে মাছটি আমানত উল্যাহ আলমগীরের আড়তের বাক্সে ডাকে তোলা হয়। পরে ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব।
ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী জানান, তিনি মাছটি ঢাকার মোকামে পাঠাবেন। সেখানে বড় সাইজের ইলিশের চাহিদা রয়েছে। সেখানে অন্তত ১২ থেকে ১৩ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন রাজিব।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানান, প্রতি বছর ইলিশ প্রজনন মৌসুমে অভিযান সফল হওয়ায় জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। সামনে বর্ষায় বৃষ্টিপাত বাড়লে আরো বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।





