দেশের এন্ডুরেন্স স্পোর্টস কমিউনিটির ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হলো ‘জিহো রানরাইজ নেশন ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ পাওয়ার্ড বাই এলজিসিড ডিএক্স’।
শুক্রবার (১২ জুন) আফতাবনগরের ইস্ট কোর্ট এরিনা এবং অ্যানফিল্ড জোনে মোট ২৪টি দলের অংশগ্রহণে দিনব্যাপী এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী দল ‘ভেলক্স এফসি’-কে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম আসরের ঐতিহাসিক চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিয়েছে মিরপুরের উদীয়মান দল ‘এফসি ব্ল্যাকআউট’। টুর্নামেন্টে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে ‘ভেলক্স এফসি’ এবং তৃতীয় স্থান অধিকার করেছে আয়োজক কমিউনিটির দল ‘রানরাইজ এফসি’।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শীর্ষ ৩টি বিজয়ী দলের হাতে প্রাইজমানি, মেডেল এবং আকর্ষণীয় ট্রফি তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ‘জিহো বাংলাদেশ’-এর ব্র্যান্ড ম্যানেজার মো. ফজলে এলাহী তুর্জ এবং ‘পাওয়ার্ড বাই’ পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজার মোস্তাফিজুর রহমান। এসময় রানরাইজ নেশনের এডমিন টিম এবং টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকা মূল সাংগঠনিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এন্ডুরেন্স স্পোর্টস কমিউনিটিতে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট এবারই প্রথম, যা রানরাইজ নেশনের মূল দলটির অক্লান্ত পরিশ্রমে সফল রূপ পেয়েছে।
ব্যক্তিগত নৈপুণ্যের পুরস্কার (ইন্ডিভিজুয়াল ট্রফি) : টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের ব্যক্তিগত ট্রফি প্রদান করা হয় : গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) : হামজা (এফসি ব্ল্যাকআউট), সেরা ডিফেন্ডার : ইমতি (ভেলক্স এফসি), গোল্ডেন বুট (সর্বোচ্চ ১৪ গোল) : নাহিদ (রানরাইজ এফসি), গোল্ডেন গ্লাভস (সেরা গোলকিপার) : শাহেদ (রানরাইজ এফসি)।
টুর্নামেন্টের সফল সমাপ্তি শেষে রানরাইজ নেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল দল, ম্যাচ অফিশিয়াল, মাঠে উপস্থিত দর্শক, টাইটেল স্পন্সর জিহো, পাওয়ার্ড বাই পার্টনার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসসহ সকল পার্টনার এবং দিনরাত পরিশ্রম করা আরআরএন অর্গানাইজিং টিমকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
প্রথমবারের মতো ফুটবল টুর্নামেন্ট আয়োজনের এই চমৎকার অভিজ্ঞতা ও বিপুল সাড়াকে পাথেয় করে, দেশের এন্ডুরেন্স স্পোর্টসের সার্বিক উন্নয়ন ও প্রসারে রানরাইজ নেশন আগামীতেও তাদের এই পথচলা এবং অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে।




