বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল এবং তিন নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় আজ বুধবার প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচলের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। তাই টেকনাফ থেকে দ্বীপে যাওয়া প্রায় এক হাজার দেশি বিদেশি পর্যটক আটকা পড়েছেন। তবে স্থানীয় প্রশাসনের সার্বক্ষণিক তদারকির কারণে তারা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সেন্ট মার্টিনস বেড়াতে গিয়ে না ফিরে অনেক পর্যটক দ্বীপে রাতযাপন করেন। তাদের অনেকের আজ ফেরার কথা ছিল। কিন্তু মঙ্গলবার দিবাগত রাত থেকে মুষুলধারে বৃষ্টি এবং ধমকা হাওয়া বয়ে যাওয়ায় আজ পর্যটকবাহী কোনো জাহাজ সেন্ট মার্টিনস যেতে অনুমতি পায়নি। ফলে জাহাজ চলাচল বন্ধ হওয়ায় সেন্ট মার্টিনস যেতে না পেরে শতশত পর্যটক টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাট থেকে ফিরে যেতে বাধ্য হয়। অন্যদিকে সেন্ট মার্টিনসে থাকা পর্যটকরা আর ফিরতে পারেনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল হাসান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় যথারীতি টেকনাফ দমদমিয়া ঘাট থেকে পর্যটকদের নিয়ে চারটি জাহাজ সেন্ট মার্টিনসের উদ্দেশ্যে যাত্রা করে। বিকেলে ৩ নম্বর সতর্ক সংকেতের খবর পাওয়ার পর জাহাজগুলি পর্যটকদের নিয়ে টেকনাফ ফিরে আসে। তবে এরপরও সেখানে বেশ কয়েক’শ পর্যটক থেকে যায়। কিন্তু আজ বুধবার কোনো জাহাজ সেন্ট মার্টিনস যেতে না পারায় দ্বীপে অবস্থান করা পর্যটকরা ফিরতে পারেনি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক ধারায় ফিরলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে। দ্বীপে আটকা পড়া সাংবাদিক নুরুল হোছাইন বলেন, আমি গত মঙ্গলবারে সেন্ট মার্টিনস এসেছি। আসার পর ৩ নম্বর সংকেত ঘোষণা হওয়ায় আর ফিরতে পারিনি। এছাড়া আজকে বুধবার কোনো জাহাজ দ্বীপে আসেনি। কাঠের ট্রলার নিয়ে ফেরার চিন্তা করেছিলাম। কিন্তু জেটিঘাটে এসে দেখি, ঝুঁকি নিয়ে কোনো কাঠের ট্রলারও ছাড়তে অনুমতি দেয়নি স্থানীয় কোস্টগার্ড। তাই অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত দ্বীপে থাকতে হচ্ছে। পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজের ইনচার্জ শাহ আলম বলেন, আজ থেকে টেকনাফ- সেন্ট মার্টিনস নৌপথে বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। প্রশাসনের অনুমতি না পাওয়া পর্যন্ত সেন্ট মার্টিনসে জাহাজ চলাচল বন্ধ থাকবে। জাহাজ চলাচল শুরু হলে দ্বীপে আটকা পড়া পর্যটকদের টেকনাফ ফিরিয়ে আনতে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। সেন্ট মার্টিনস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে বেড়াতে এসে আটকা পড়া পর্যটকদের ব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছে। পর্যটকদের থাকা খাওয়ার সমস্যা হলে ইউনিয়ন পরিষদ সেসব সমস্যা সমাধানের ঘোষণা দেয়া হয়েছে। তবে এখনো সাগর উত্তাল থাকায় ঝুঁকি নিয়ে কোন পর্যটককে কাঠের ট্রলার বা অন্যান্য জনযানে সেন্ট মার্টিনস ছাড়তে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া উত্তাল ঢেউয়ে কোন পর্যটক যাতে গোসলে না নামেন এ ব্যাপারেও পর্যটকদের সতর্ক করা হয়েছে।