চট্টগ্রাম নগরীর বন্দর এলাকায় গাড়ির ধাক্কায় নিজাম উদ্দিন (৩১) নামে বিএসআরএমের এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে বিএসআরএম ফটকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার নিজাম উদ্দিনের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসআরএমের ফটকে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করার সময় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় নিজাম। পরে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নিজাম কক্সবাজারের কুতুবদিয়ার মিয়াপাড়া বড়পুল এলাকার কামাল উদ্দিনের ছেলে।