ঢাকা, রবিবার ২৯ এপ্রিল ২০১২, ১৬ বৈশাখ ১৪১৯, ৬ জমাদিউস সানি ১৪৩৩
¦
সাংবাদিকদের মহাপরিচালকরেলওয়ের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শিগগিরই নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আবু তাহের বলেছেন, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম হলে অবশ্যই তা বিচারের আওতায় আনা হবে। তবে রেলওয়েতে গতি ফিরিয়ে আনতে শিগগিরই নিয়োগপ্রক্রিয়া শুরু করা হবে, অন্যথায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ১৪৬টি স্টেশন চালু করা সম্ভব হবে না।
গতকাল শনিবার পূর্বাঞ্চলীয় রেলওয়ের সদর দপ্তর চট্টগ্রামের সিআরবি সম্মেলনকক্ষে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা শেষে মহাপরিচালক সাংবাদিকদের এ কথা বলেন।
গত ৭ এপ্রিল পূর্বাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট এনামুল হক ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক ৭০ লাখ টাকাসহ বর্ডার গার্ড অব বাংলাদেশের হাতে ধরা পড়েন। এ ঘটনায় জিএম ও কমান্ড্যান্টকে সাময়িক বরখাস্ত এবং এপিএসকে চাকরিচ্যুত করা হয়। এ ঘটনার দায়ভার নিজের ওপর নিয়ে পদত্যাগ করেন রেলমন্ত্রী সুরঞ্জিত। এরপরই সব ধরনের নিয়োগ স্থগিত করে দেওয়া হয়।
জনবল নিয়োগে অনিয়ম খুঁজে বের করার জন্য চার সদস্যের তদন্তদল কাজ করছে বলে জানিয়েছেন আবু তাহের। তিনি বলেন, নিয়োগে অনিয়ম হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তবে অনিয়ম দূর করতে নিয়োগপ্রক্রিয়া ভবিষ্যতে আরো সহজ ও কম সময়ে শেষ করা হবে। রেলওয়ের গতিশীলতার স্বার্থে জনবল নিয়োগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
আবু তাহের বলেন, জনবলের অভাবে বর্তমানে দেশের ১৪৬টি স্টেশন বন্ধ রয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে দ্রুত এসব স্টেশন চালুর উদ্যোগ নেওয়া হবে।
রেলকে সচল রাখতে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে লাকসাম-চিনকি আস্তানা ডাবল লাইন প্রকল্প, ১০টি লোকোমোটিভ ইঞ্জিন কেনার প্রকল্প, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ইয়ার্ড রি-মডেলিং প্রকল্প ও পাহাড়তলী রেলওয়ে কারখানা আধুনিকায়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, এসব প্রকল্প ছাড়াও চট্টগ্রামের দোহাজারী এবং নাজিরহাট শাখা লাইনের সংস্কারকাজ চলছে।
এদিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ইয়ার্ড রিং-মডেলিং প্রকল্পের আওতায় রেলওয়ের জায়গায় থাকা দুটি স্কুল, একটি মাদ্রাসা ও একটি মসজিদ সরিয়ে নিতে এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে বলে জানান আবু তাহের। তিনি বলেন, 'চার বছর আগের রি-মডেলিং প্রকল্পটি আমরা এত দিন শুরু করতে পারিনি। রেলওয়ের জায়গা থেকে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার পর কাজ শুরু হবে।'
আজকের পাঠকসংখ্যা
৭২২৫৩০
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh