ঢাকা, শুক্রবার ৪ মে ২০১২, ২১ বৈশাখ ১৪১৯, ১১ জমাদিউস সানি ১৪৩৩
¦
তিন বছর পর শিরোপা রিয়াল মাদ্রিদের
অপেক্ষাটা দীর্ঘ। তবে মৌসুমের শুরুতে সেটি আরো দীর্ঘতর হওয়ার ভবিষ্যদ্বাণীই ছিল। গত তিন মৌসুম ধরে স্প্যানিশ লা লিগায় চ্যাম্পিয়ন এই বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা দলটির কাছ থেকে কি শিরোপা কেড়ে নিতে পারবে রিয়াল মাদ্রিদ? পারল তারা। পরশু অ্যাথলেতিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাসের ৩২তম লা লিগা শিরোপা নিশ্চিত করল 'লস ব্লাঙ্কোস'রা। আর সেটি দুই ম্যাচ হাতে রেখেই!
মৌসুমের নড়বড়ে শুরুটা নাড়িয়ে দিয়েছিল রিয়াল মাদ্রিদের আত্মবিশ্বাস। ডিসেম্বরে 'এল ক্লাসিকো'র প্রথম পর্বের হারে সেটি গিয়ে ঠেকেছিল প্রায় শূন্যে। কিন্তু এটি যে হোসে মরিনহোর দল? হারার আগে হার মেনে নিতে প্রবল আপত্তি যাদের। তাই তো তারা ফিরে আসে প্রবল বিক্রমে। মাঝে নানা চড়াই-উৎরাই গেছে, শিরোপার দ্বৈরথে রোমাঞ্চ-উত্তেনারও কমতি ছিল না। তবে সপ্তাহ দুয়েক আগে ন্যু ক্যাম্পে গিয়ে বার্সেলোনাকে হারিয়ে আসার পর শিরোপার গন্তব্য একপ্রকার জানা হয়ে গিয়েছিল। পরশু রিয়াল মাদ্রিদ সেই আনুষ্ঠানিকতা সারল মাত্র। বিলবাওকে হারানোর পর ৩৬ ম্যাচে এখন তাদের পয়েন্ট ৯৪। বাকি দুই ম্যাচে তারা যদি হারে এবং বার্সা নিজেদের ম্যাচ জেতে, তাহলেও চিরপ্রতিদ্বন্দ্বীদের অধরা থেকে যাবে রিয়াল। পেপ গার্দিওলার দল যে ৭ পয়েন্ট পেছনে!
রিয়ালের কাছে হারের পর থেকে লা লিগায় আবারও অজেয় বার্সেলোনা। আগের ম্যাচে রায়ো ভায়েকানোকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পরশু মালাগার বিপক্ষে ৪-১ গোলের জয়। সেখানে লিওনেল মেসি হ্যাটট্রিক করে 'পিচিচি' লড়াইয়ে এগিয়ে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে। লা লিগায় এখন এই আর্জেন্টাইন জাদুকরের গোল ৪৬। আর বছর চল্লিশেক ধরে ইউরোপিয়ান ফুটবলের এক মৌসুমে সর্বোচ্চ গোলের সিংহাসনে থাকা বায়ার্ন মিউনিখের কিংবদন্তি জার্ড মুলারকেও হটিয়েছেন তিনি। মুলারের ৬৭ গোলের চেয়ে এখন একটি গোল বেশি মেসির।
বার্সেলোনা নিজেদের ম্যাচ জেতায় রিয়ালের জন্যও জয়টা হয়ে দাঁড়িয়েছিল জরুরি। জিতলেই শিরোপা! এমন হাতছানিতে অ্যাথলেতিক বিলবাওকে শুরু থেকেই চেপে ধরে মরিনহোর দল। দ্বাদশ মিনিটে পেনাল্টিও পায় তারা। কিন্তু চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের টাইব্রেকারের মতো এবারও মিস রোনালদোর। তাতে অবশ্য রিয়ালের জয়যাত্রা রোখেনি। ১৬ ও ২০ মিনিটে গোল করে তাদের উল্লাসে ভাসান গনজালো হিগুয়াইন ও মেসুত ওজিল। আর দ্বিতীয়ার্ধের শুরুতে হেড থেকে লক্ষ্যভেদে রিয়ালের ম্যাচ জয় ও লা লিগা জয় নিশ্চিত করেন রোনালদো। লিগে ৪৪ গোল করে মেসির চেয়ে দুই ধাপ পেছনে এই পর্তুগিজ। তবে শিরোপা জয়ের পর রোনালদোর কাছে সেটি হয়ে গেল গৌণ, 'আমার চাওয়ার তালিকায় সবচেয়ে ওপরে থাকে লিগ শিরোপা। সেটি জিতেছি। এ ছাড়া ঘরে আমার দুটো সোনালি বুট আছে। আরেকটি জিততে পারলে দারুণ ব্যাপার হবে। তবে না জিতলেও সেটি নিয়ে মাথা ঘামাচ্ছি না।'
বার্সেলোনার আধিপত্য ঘোচানোর দিন এসব নিয়ে কে মাথা ঘামায়! সময়টা যে এখন কেবলই রিয়াল মাদ্রিদের উৎসবের আবিরে রঙিন হওয়ার। ওয়েবসাইট
খেলা -এর আরো সংবাদ
আজকের বাজি১. ফার্গুসনের বিদায়ী ম্যাচ জিতবে ম্যানইউ।এর পক্ষে বাজির রেট ১ : ২বাজির সংখ্যা : (১-৯৯)২. ভ্যালাদোলিদকে চারটির বেশি গোল দেবে বার্সেলোনা।এর পক্ষে বাজির রেট ১ : ৫বাজির সংখ্যা : (১-৯৯)বাজিতে অংশগ্রহন করতে চাইলে সাইনইন করুনফলাফল
আজকের পাঠকসংখ্যা
৮৩৬৯৭৬
পুরোনো সংখ্যা
সম্পাদক : ইমদাদুল হক মিলন, উপদেষ্টা সম্পাদক : অমিত হাবিব, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com
free counters
Latest News Portal Food Recipe in Bangladesh jobs in Bangladesh